বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

লিওনেল মেসির অবসরের পর কার গায়ে উঠছে আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক বিদায়ের পর আর্জেন্টিনা দলের সামনে এখন নতুন এক প্রশ্ন, বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ‘১০’ নম্বর জার্সিটি এবার কার গায়ে উঠবে?

দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি মানেই ছিল লিওনেল মেসি। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই জার্সি গায়েই অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা।
তবে মেসির বিদায়ের পর ২০০৯ সালের পর প্রথমবারের মতো আর্জেন্টিনার এই ঐতিহাসিক জার্সিটি স্থায়ীভাবে শূন্য হয়ে গেল। ফলে শুরু হয়েছে নতুন উত্তরসূরি নিয়ে আলোচনা।
বর্তমান আর্জেন্টিনা দলের বেশ কয়েকজন তারকা ফুটবলার রয়েছেন এই দৌড়ে। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
২৭ বছর বয়সী এই মিডফিল্ডার কোচ লিওনেল স্কালোনির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ৫৪ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন সাতটি। স্কালোনির অধীনেই জাতীয় দলে পথচলা শুরু হওয়ায় মেসির উত্তরসূরি হিসেবে ‘১০’ নম্বর জার্সির অন্যতম দাবিদার ম্যাক অ্যালিস্টার।
তবে শুধু ম্যাক অ্যালিস্টার নন, আলোচনায় রয়েছেন এনজো ফার্নান্দেজও। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারও স্কালোনির দলের গুরুত্বপূর্ণ সদস্য। ২০২২ সালের সেপ্টেম্বরে জাতীয় দলে অভিষেকের পর মাত্র কয়েক মাসের মধ্যেই কাতার বিশ্বকাপজয়ী দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি।
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৪৯ ম্যাচে আট গোল করেছেন এনজো। জাতীয় দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও মধ্যমাঠের অন্যতম ভরসা হিসেবে তাকেও ‘১০’ নম্বর জার্সির সম্ভাব্য দাবিদার মনে করা হচ্ছে।
তালিকায় রয়েছেন তরুণ প্রতিভা নিকো পাজও। ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে ‘১০’ নম্বর জার্সি পরা এই ফুটবলার আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন একটি। ২০২৬ বিশ্বকাপে অবশ্য তিনি পরেছিলেন ১৮ নম্বর জার্সি।
এছাড়া থিয়াগো আলমাদা এবং ইন্টার মিলানের হয়ে ‘১০’ নম্বর জার্সি পরা লাওতারো মার্তিনেজের নামও আলোচনায় রয়েছে। মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি অনুপস্থিত থাকায় বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি ম্যাচে অন্য ফুটবলাররাও আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি পরেছিলেন।
তাদের মধ্যে ছিলেন সার্জিও আগুয়েরো, হাভিয়ের পাস্তোরে, আনহেল দি মারিয়া, এভার বানেগা, আনহেল কোরেয়া ও পাওলো দিবালা। সাম্প্রতিক সময়ে এই জার্সি পরেছেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও।
তবে মাস্তানতুয়োনোর হাতে স্থায়ীভাবে জার্সিটি তুলে দেয়ার সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে করা হচ্ছে। ফলে অভিজ্ঞতা, জাতীয় দলে গুরুত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় ম্যাক অ্যালিস্টার, এনজো কিংবা নিকো পাজের মধ্য থেকেই মেসির উত্তরসূরি বেছে নেয়া হতে পারে।
আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সির ইতিহাস মেসিকে দিয়েই শুরু নয়। তার আগে এই জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন দিয়েগো ম্যারাডোনা, মারিও কেম্পেস, হুয়ান রোমান রিকেলমে ও এরিয়েল ওর্তেগার মতো কিংবদন্তিরা।
তবে মেসির হাত ধরে এই জার্সির প্রতীকী গুরুত্ব আরও বেড়েছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছিল এই ‘১০’ নম্বর জার্সি। এখন প্রশ্ন একটাই, মেসির পর সেই বিশাল উত্তরাধিকার বহনের দায়িত্ব কার কাঁধে উঠবে? শেষ পর্যন্ত কোচ লিওনেল স্কালোনি কাকে বেছে নেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit