প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকা-১৩ এর মানুষ তাদের সমস্যা নিয়ে সরাসরি কথা বলবেন-এটাই এ সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। নাগরিকদের অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব ঢাকা-১৩ গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।
সভায় ঢাকা-১৩ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, মাদক, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধ, সড়ক ও অবকাঠামো, বিদ্যুৎ, পানি, গ্যাস, অগ্নিনিরাপত্তাসহ স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি আলোচনা হবে।
নাগরিক সমস্যার দ্রুত সমাধান এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করতে সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ববি হাজ্জাজ বলেন, জবাবদিহিতা কোনো একদিনের বিষয় নয়। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের কথা শোনা এবং প্রতিটি সমস্যা সমাধানের অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। এ টাউন হল সভা সেই ধারাবাহিকতারই অংশ।
মন্ত্রণালয় জানায়, ঢাকা-১৩ আসনে ধারাবাহিকভাবে টাউন হল সভার আয়োজনের মাধ্যমে নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

























