জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়ায় মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে দিকে মাটিরাঙ্গা থানার উদ্যোগে পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া মসজিদ এর সামনে থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি নতুন পাড়া ক্বারী মিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এসে পথসভায় মিলিত হয়।
র্যালি ও পথসভায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা থানার এসআই মো.ইমতিয়াজ, পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী,পৌর বিএনপির সহ-সভাপতি মো.জামাল হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান মাঝি, সাধারন সম্পাদক আব্দুল ওয়াব,সহ পৌর বিএনপির সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবারের সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামুখী কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জানিয়ে তিনি আরো বলেন,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জাানান।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকসেবীদের পুনর্বাসন ও জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকমুক্ত মাটিরাঙ্গা গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৬,/রাত ১০:৩৩