ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন এমপির কান্নাকাটি করা লাগছে।’জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্যরা ভদ্রতা দেখাচ্ছেন বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন এমপির কান্নাকাটি করা লাগছে। সুতরাং সংসদে বিএনপির অন্য এমপি আছেন, তারাও যদি সালাহউদ্দিন আহমদের মতো বলা শুরু করেন, তবে বিরোধী দলের এমপিরা বলা শুরু করবেন—ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলব না।’
বিরোধী দল ‘ছায়া মন্ত্রিপরিষদ’ গঠনের পর আজ প্রথম সংসদে গেছে, তাই তাদের মধ্যে একটা গরম ভাব রয়েছে বলে দাবি করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ ঘোষণার পর আজকে প্রথম সংসদে গেছেন জামায়াতের আমির। ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের একটা গরম আছে না? সেই গরমে একযোগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে অ্যাটাক শুরু করেছেন।’
তিনি আরও বলেন, ‘বিরোধীদলের সব এমপি দাঁড়িয়ে যাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দেবেন না। কিন্তু সরকারি দলের এমপিরা বেশ ভদ্রতা দেখাচ্ছেন। তারা চাইলে জামায়াতের আমিরের বক্তব্যের সময় হৈচৈ কিংবা পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন। কিন্তু বিএনপি ক্ষমতায় আছে, সুতরাং বিএনপিকে দায়িত্বশীল হতেই হবে।’
সংসদে বিরোধীদলকে কথা বলার সুযোগ দিলে তারা কথা বলতে বলতে শিখে যাবে বলে মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, এদের আর বেশি যুক্তিতর্ক দিয়ে ধরিয়েন না, মাঝেমধ্যে অযৌক্তিক কথা হলেও বলতে থাকুক। শুনতে ভালো লাগবে না, তার পরও তাদের বলতে দিতে হবে। বলতে বলতেই তারা শিখবে।’
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:৫০