বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া ধান চাষে বন উজাড় বন্ধের ঘোষণা ইন্দোনেশিয়ার আবুধাবিতে টাইগারদের তীব্র চ্যালেঞ্জে বিচলিত নন সিমন্স খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাতারে আটক ইরানি পাইলটদের সঙ্গে ইরানের একটি বিশেষজ্ঞ দলের সাক্ষাতের অনুমতি দিতে কাতার সম্মত হয়েছে বলে জানিয়েছেন ইরানের এক সামরিক কর্মকর্তা। একই সঙ্গে নিখোঁজ ও আটক ইরানি পাইলটদের অবস্থা নির্ণয় এবং তাদের দেশে ফিরিয়ে আনতে তেহরান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার এ তথ্য জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ‘মিসিং ইন অ্যাকশন সার্চ কমিটি’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকেরজাদেহ। তিনি বলেন, কাতার ও কুয়েতে আটক ইরানি বন্দীদের বিষয়ে ইরানের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-কে আটক পাইলটদের দেশে ফিরিয়ে আনতে দ্রুত কাতারে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর আহ্বান জানান বাকেরজাদেহ। তার দাবি, পাইলটরা গুরুতর আহত ও অসুস্থ।

ইরান থেকে যাওয়া বিশেষজ্ঞ দলকে গ্রহণে কাতার সরকারের সম্মতিকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আহ্বান জানান এই ইরানি জেনারেল।

আটক পাইলটদের রাখা স্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাকেরজাদেহ বলেন, তাদের যেখানে পানিতে রাখা হয়েছে, সেই জায়গা উপযুক্ত নয়। পাইলটদের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত তাদের স্থলভাগে নিয়ে একটি সুসজ্জিত হাসপাতালে ভর্তি করার জন্য কাতার সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

কুয়েতে আটক অন্যান্য ইরানি নাগরিকদের প্রসঙ্গে বাকেরজাদেহ বলেন, সেখানে আটক ব্যক্তিদের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের সাক্ষাতের অনুমতি দিতে কুয়েত সরকার প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছে। তার ভাষায়, এ পদক্ষেপ ওই ইরানিদের দ্রুত মুক্তির বিষয়ে আশার আলো তৈরি করেছে।

চারটি জেনেভা কনভেনশন অনুযায়ী চার ইরানি বন্দীর অধিকার সম্মান করা এবং তাদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগের ব্যবস্থা করার জন্য কুয়েতের প্রতি আহ্বান জানান তিনি।

এ ছাড়া ইরানি বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের ভিডিও কলের ব্যবস্থা করতে আইসিআরসির প্রতি আহ্বান জানান বাকেরজাদেহ। গুয়ান্তানামো বে বন্দীদের পরিবারের সঙ্গে ভিডিও যোগাযোগের ব্যবস্থা করার ক্ষেত্রে আইসিআরসির দীর্ঘদিনের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানি বন্দীদের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেয়া যেতে পারে।

বাকেরজাদেহ আশা প্রকাশ করেন, আইসিআরসি ইরানি বন্দীদের জন্য দ্রুত এ ধরনের যোগাযোগের ব্যবস্থা করবে এবং একই সঙ্গে তাদের মুক্তির জন্য জরুরি ভিত্তিতে কাজ করবে। এ কাজে আরব দেশগুলোতে আইসিআরসির আঞ্চলিক কার্যালয়গুলোকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে ইরান দাবি করেছিল, গত ২ মার্চ কাতারে মার্কিন-পরিচালিত আল উদেইদ বিমানঘাঁটিতে অভিযান চালানোর পর নিখোঁজ হওয়া তিন ইরানি পাইলটকে কাতারি বাহিনী জীবিত অবস্থায় আটক করেছে।

গত ১৫ আগস্ট আইসিআরসির প্রেসিডেন্ট মিরিয়ানা স্পোলজারিচ এগারকে লেখা এক চিঠিতে বিষয়টি উত্থাপন করেন ব্রিগেডিয়ার জেনারেল বাকেরজাদেহ। তিনি নিখোঁজ পাইলটদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের অবস্থার তদন্ত এবং মুক্তির ব্যবস্থা করার আহ্বান জানান।

বাকেরজাদেহর দাবি অনুযায়ী, ইরানের বিমানবাহিনীর দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান ওই অভিযানে অংশ নেয়। ফেরার পথে শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে বিমান দুটির ক্রুরা বেরিয়ে আসতে বাধ্য হন। চার পাইলটের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল মজিদ কাজেমি নিহত হন। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয় এবং তার মরদেহ ইরানে ফিরিয়ে নেয়া হয়।

বাকি তিন পাইলটকে জাভাদ সালেহি, আব্দুলমাজিদ দাশতিয়ান ও ওমরান বেহরাভেশিয়ান হিসেবে শনাক্ত করেন বাকেরজাদেহ। তার দাবি, কাতারি বাহিনী তাদের জীবিত অবস্থায় আটক করেছে।

ইরানি এই সামরিক কর্মকর্তা বলেন, কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও তেহরান ওই তিন পাইলটের সঙ্গে দেখা করতে, তাদের সাক্ষাৎকার নিতে কিংবা তাদের ও পরিবারের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারেনি। যুদ্ধবন্দীদের অধিকারবিষয়ক তৃতীয় জেনেভা কনভেনশনের কথা উল্লেখ করে আইসিআরসিকে দ্রুত পাইলটদের সঙ্গে যোগাযোগ, তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন এবং তাদের মুক্তিতে সহায়তার আহ্বান জানান তিনি।

নিখোঁজ পাইলটদের অবস্থান নিয়ে কয়েক মাসের অনিশ্চয়তার পর ইরানের পক্ষ থেকে এসব তথ্য সামনে এলো। ইরানি কর্মকর্তারা এর আগে একাধিকবার কাতারের কাছে পাইলটদের অবস্থান স্পষ্ট করার এবং আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণের আহ্বান জানিয়েছিলেন। তবে কাতারি কর্তৃপক্ষ নিখোঁজ ইরানি বিমানসেনাদের বিষয়ে কোনো তথ্য থাকার কথা অস্বীকার করেছে। সূত্র: তাসনিম নিউজ।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৬/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit