ডেস্ক নিউজ : দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টির মধ্যেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত নদীবন্দর সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ফেনীতে। এ ছাড়া নোয়াখালীর মাইজদীকোর্টে ৬৬ মিলিমিটার, কুমিল্লায় ৪৯, সিলেটে ৩৪, নেত্রকোনায় ২৫, লক্ষ্মীপুরের রামগতিতে ১৯, বরিশালে ১৮ এবং বগুড়ায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের আরও বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, সময়ের শেষ দিকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।
কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/রাত ১:০৪