আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এরপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন তার উত্তরসূরি মোজতবা খামেনি। এবার একটি কট্টরপন্থী ইরানি পত্রিকা সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের নেতাদের নাম প্রকাশ করেছে।
বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার পর শনিবার প্রথম প্রকাশ্য বার্তায় মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘প্রতিশোধ নেওয়া আমাদের জাতির দাবি, এটি নিতেই হবে। তালিকায় থাকা অপরাধীরা বিছানায় শান্তিতে মরার আক্ষেপ নিয়েই কবরে যাবে।’ তবে তিনি নির্দিষ্ট কারও নাম প্রকাশ করেননি।
এরপর সরকারি পত্রিকা হামশাহরি অনলাইনে একটি গ্রাফিক প্রকাশ করে। সেখানে ১৩ জন বিদেশি নেতার ছবি দেওয়া হয়। এই তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তালিকায় আরও আছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ ম্রেৎস, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে পত্রিকার এই তালিকা সরকারিভাবে অনুমোদিত কি না, তা স্পষ্ট নয়। রোববারের ছাপানো পত্রিকায় এটি ছিল না।
ইরানের অভিযোগ, সংঘাতের সময় ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দিয়ে সহায়তা করেছে। তারা ইরানে হামলার কোনো নিন্দাও জানায়নি। খলিজ টাইমসের রিপোর্ট অনুযায়ী, যে হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন, সেখানে মোজতবা খামেনিও আহত হয়েছিলেন। সংঘাতের পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।
কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৬,/সকাল ১০:০৫