আন্তর্জাতিক ডেস্ক : আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় প্রথম সারিতে বসা কালো মুখোশ ও কালো টুপি পরা এক রহস্যময় ব্যক্তি সবার নজর কাড়েন। সবার মনে প্রশ্ন ছিল— কে এই ব্যক্তি? অবশেষে জানা গেল তার আসল পরিচয়!
অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো খামেনির ছেলে এবং সম্ভাব্য উত্তরসূরি মোজতাবা খামেনি। কিন্তু ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, এই ব্যক্তি আসলে খামেনির বড় নাতি মোহাম্মদ জাভাদ খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে বিমান হামলায় আলি খামেনি নিহত হন, সেই হামলায় জাভাদের মুখমণ্ডল মারাত্মকভাবে পুড়ে যায়। এ কারণেই জানাজায় তিনি কালো মুখোশ পরে এসেছিলেন।
হামলার পর থেকে ছেলে মোজতাবার অবস্থাও বেশ রহস্যজনক। মার্কিন গোয়েন্দাদের মতে, ওই হামলায় মোজতাবাও মারাত্মকভাবে আহত ও বিকৃত হয়েছেন। তিনি তখন বাবার বাসভবনের অন্য একটি কক্ষে ছিলেন।
সাইপ্রাসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানান, মোজতাবার হাত ও পায়ে চোট লেগেছে এবং তিনি হাসপাতালে ছিলেন। তিনি এখনও প্রকাশ্যে আসেননি; শুধু হাতে লেখা চিঠির মাধ্যমে সামরিক কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে নিরাপত্তার কথা ভেবে খামেনির জানাজা চার মাসের বেশি সময় পিছিয়ে দেওয়া হয়। এ সময় তার মরদেহ হিমঘরে রাখা ছিল। অবশেষে টানা ছয় দিনের শোক অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার নিজ শহর মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হয়। ইরানি কর্তৃপক্ষের দাবি, প্রায় চার কোটি ৩০ লাখ মানুষ এই শোক অনুষ্ঠানে অংশ নেন।
কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৬,/সকাল ৯:৪৪