আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো বৈঠকে মিত্র দেশগুলোর কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাম্প্রতিক সময়ে রাশিয়ার ক্রমবর্ধমান হামলা থেকে দেশকে রক্ষা করতেই তার এই তৎপরতা। খবর বিবিসির।
গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে দুই দুইবার রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি আবাসিক ভবনের ওপর আছড়ে পড়ে ৫০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হন। ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের জন্য আরও জরুরি হয়ে উঠেছে।
তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে জেলেনস্কির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার সুযোগ তৈরি করবে। সেখানে রাশিয়ার হামলাগুলো ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরবেন জেলেনস্কি। এমনকি শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসতে বাধ্য করার জন্য চাপ দিতে ট্রাম্পকে অনুরোধ করতে পারেন তিনি।
ন্যাটো বৈঠকের প্রাক্কালে জেলেনস্কি আশা প্রকাশ করেছেন যে, তুরস্কের এই বৈঠক যেন অনর্থক ফলহীন না হয়। জেলেনস্কির জন্য স্বস্তির খবর হলো, ইউক্রেন সংকটে ন্যাটো সদস্য দেশগুলোকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির মহাসচিব মার্ক রুটে।
সেই সঙ্গে ইউক্রেন যেন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু পায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। ফলে তুরস্কে অনুষ্ঠিতব্য আসন্ন বৈঠকে ন্যাটোর কাছ থেকে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র : বিবিসি
কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩