বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

মস্কোতে আবাসিক ভবনে রুশ জেনারেল গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মস্কোতে রাশিয়ার সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ জেনারেলকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।  শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তর-পশ্চিম উপকণ্ঠে একটি আবাসিক ভবনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ। হামলার পর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।  তবে তার বর্তমান শারীরিক অবস্থা এবং  হামলাকারী বা এর পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।  খবর বিবিসির। 

আলেক্সেয়েভ রাশিয়ার সামরিক জেনারেল স্টাফের প্রধান গোয়েন্দা অধিদপ্তর জিআরইউর বা ‘গ্রু’র একজন শীর্ষ কর্মকর্তা।  প্রায় চার বছর আগে ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণের পর মস্কোতে হামলার শিকার হওয়া তিনিই সর্বশেষ উচ্চপদস্থ সামরিক ব্যক্তি। রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেনকো বলেন, তাকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হত্যাচেষ্টার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

লেফটেন্যান্ট জেনারেল আলেক্সেয়েভ ইউক্রেন যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২২ সালে মারিউপোল অবরোধের সময় তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেন।  ২০২৩ সালের জুনে ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে সংঘটিত স্বল্পস্থায়ী রক্তক্ষয়ী বিদ্রোহের সময় প্রিগোজিনের সঙ্গে আলোচনার জন্য তাকেই পাঠানো হয়েছিল।

আলেক্সেয়েভ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। যুক্তরাজ্যের স্যালিসবারিতে ২০১৮ সালে সংঘটিত নার্ভ এজেন্ট হামলার পেছনে জিআরইউর সংশ্লিষ্টতার অভিযোগের কারণে তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইউক্রেন অতীতে রাশিয়ার সামরিক কর্মকর্তাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে। রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, গত মাসের শেষের দিকে সেন্ট পিটার্সবার্গে একজন রুশ সেনার ওপর হামলার চেষ্টা তারা ব্যর্থ করে দেয়।

এর আগে, ২০২৪ সালে মস্কোর একটি ফ্ল্যাটের বাইরে বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা জেনারেল ইগর কিরিলোভ নিহত হন। ওই ঘটনায় জানুয়ারিতে একজন উজবেক নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়।ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থা জানায়, ওই হামলার পেছনে তাদের সংশ্লিষ্টতা ছিল। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে মস্কোতে একটি গাড়ির নিচে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে জিআরইউ’র আরেক উচ্চপদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন।

রাশিয়ার তদন্ত কমিটির তথ্য অনুযায়ী, তিনি সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রশিক্ষণ বিভাগের দায়িত্বে ছিলেন। মস্কোতে ধারাবাহিকভাবে শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার ঘটনাগুলো রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit