স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের হারে হতাশ ওয়াসিম আকরাম। পাকিস্তানের এই কিংবদন্তি বাংলাদেশ কেন হারল তার কারণ খুঁজে পাচ্ছেন না।
ম্যাচ শেষে গণমাধ্যমে ওয়াসিম আকরাম বলেছেন, ‘ব্যাটিংটাই বাংলাদেশকে ভুগিয়েছে। বাজে শট খেলেছে তারা। পাশাপাশি অধিনায়ক লিটন দাসকে বাংলাদেশ খুব মিস করেছে। দারুণ ফর্মে ছিল সে। লিটন যে চোট পেয়েছে, সেটা দুর্ভাগ্যজনক। এখানেই হেরে গেছে বাংলাদেশ।’
খেলা শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সও বলেন, ‘আমরা এখনও এমন দল হয়ে উঠতে পারিনি যেখানে অধিনায়ককে হারিয়ে সেই জায়গা পূরণ করা সম্ভব। লিটনের মতো ফর্মে থাকা ব্যাটসম্যানকে হারানো আমাদের জন্য বড় ধাক্কা। অন্য দলের মতো আমাদের গভীরতাও নেই।’
সিমন্স বলেন, ‘সাইফ হাসান অবশ্যই এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ইতিবাচক দিক। আর পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের বোলাররা দারুণ পারফর্ম করেছে।’
বাংলাদেশ বিদায় নেওয়ায় এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল নিশ্চিত হলো। আগামী রোববার দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:০০