স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের অন্যতম বড় চমক কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া দক্ষিণ আমেরিকার ফুটবলে নিজের অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন। বুধবার চিলিয়ান কাপে ইউনিয়ন এস্পানিওলার বিপক্ষে কোলো-কোলোর ৩-০ গোলের দাপুটে জয়ে মূল একাদশে নেমে কোনো গোল হজম করেননি (ক্লিন শিট) তিনি।
বিশ্বকাপের পর এটিই ছিল তার প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে প্রায় ২০ হাজার দর্শকের সামনে ম্যাচের শুরুর দিকে কিছুটা নার্ভাস থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস ফিরে পান ভোজিনিয়া। বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখেন তিনি। এই জয়ের সুবাদে গ্রুপ ‘ই’-এর শীর্ষস্থান নিশ্চিত করে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে কোলো-কোলো, যেখানে তাদের প্রতিপক্ষ অডাক্স ইতালিয়ানো।
ম্যাচ শেষে অফিশিয়াল সম্প্রচারমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে ভোজিনিয়া বলেন, “অভিষেক ম্যাচটি নিয়ে আমি ভীষণ আনন্দিত। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর এটি ছিল এক দারুণ অনুভূতি। সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা প্রসঙ্গে তিনি জানান, বিশ্বকাপের পর ম্যাচ অনুশীলনের বাইরে থাকায় মাঠে নামার মতো ফিটনেস ফিরে পেতে কয়েক সপ্তাহের নিবিড় প্রস্তুতির প্রয়োজন ছিল।
আগস্টের শুরুতে কোলো-কোলোতে যোগ দেওয়ার পর আগের তিনটি ম্যাচেই বদলি বেঞ্চে ছিলেন ভোজিনিয়া। দলের মূল গোলরক্ষক ফার্নান্দো দে পলের চোটের কারণে তিনি একাদশে সুযোগ পান। তবে ১৯ বছর বয়সী তরুণ গ্যাব্রিয়েল মওরিরাও সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য প্রশংসিত হচ্ছেন। কোচ ফার্নান্দো অর্টিজ ইতিমধ্যে স্পষ্ট করেছেন, কেবল এই ম্যাচ দিয়ে ভোজিনিয়ার মূল একাদশে জায়গা স্থায়ী হবে না; মৌসুমের বাকি সময় তাকে নিয়মিত খেলার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পরই চিলির ফুটবলে আগমন ঘটে এই অভিজ্ঞ গোলরক্ষকের। কেপ ভার্দের প্রথমবারের মতো বিশ্বকাপ অংশগ্রহণে স্প্যানিশ ও আর্জেন্টাইনদের বিপক্ষে ম্যাচগুলোতে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে বিশ্বমঞ্চে আলোড়ন তুলেছিলেন ভোজিনিয়া। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার তুমুল জনপ্রিয়তা তৈরি হয়। পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ চলাকালীন ইনস্টাগ্রামে তার প্রায় ৩ কোটি (৩০ মিলিয়ন) অনুসারী বাড়ে এবং ফিফার দর্শক ভোটে টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা করে নেন এই কেপ ভার্দেন গোলরক্ষক।
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:০০