বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

ডেইলি স্টারের প্রতিবেদনকে মনগড়া ও ভিউ প্রত্যাশী বলল বিজিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (৮ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক ব্যাখ্যায় বিজিবি এমনটা জানায়। ওই ব্যাখ্যায় বিজিবি বলেছে, গত বছরের ১৯ জুলাইয়ের সহিংসতার ঘটনায় বিজিবিকে এককভাবে দায়ী করে একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ডেইলি স্টারের মতো একটি মূলধারার পত্রিকার মাল্টিমিডিয়ায় আংশিক সত্য নিয়ে এমন মনগড়া, ভিউ প্রত্যাশী প্রতিবেদন আমাদের বিস্মিত করেছে। এতে বিজিবি আরও দাবি করে, টেক গ্লোবাল ইনস্টিটিউটের ফরেনসিক গবেষণার বরাত দিয়ে ‘রামপুরা হত্যাকাণ্ড: বিজিবি কি দায়ী? ভিডিও বিশ্লেষণ যা বলছে’ এবং ‘অ্যানাটোমি অব বিজিবি শুটিং ইন রামপুরা’ শীর্ষক প্রতিবেদনে বিজিবিকে একতরফাভাবে দোষারোপ করা হয়েছে।

লিখিত ব্যাখ্যায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও অন্যান্য তদন্তকারী সংস্থার অধীনে গণঅভ্যুত্থান সময়কালীন বিভিন্ন হত্যা মামলার বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রয়েছে। উক্ত বিচারকার্য সম্পন্ন করার জন্য বিজিবিও সম্পূর্ণভাবে সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত। এমন এক সময়ে কিছু তদন্তনাধীন ও বিচারাধীন বিষয়কে নাটকীয়ভাবে সামনে আনা হলো, যখন প্রত্যন্ত গ্রামবাসীকে নিয়ে বিজিবি সীমান্তে মাথা উঁচু করা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদ বা সাম্প্রতিক পুশ ইন প্রতিরোধে অসামান্য অবদান রাখার পর বাহিনীর মনোবল ভাঙতে আংশিক সত্য নিয়ে এই একপেশে রিপোর্টটি করা হয়েছে বলে প্রতীয়মান।    
 
এতে আরও বলা হয়, গত ১৯ জুলাই ২০২৪ এ রামপুরায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর পাশাপাশি র‌্যাব, আনসার ও বিজিবি সদস্যরা উপস্থিত থাকলেও শুধুমাত্র বিজিবিকে এককভাবে দায়ী করার বিষয়টি উক্ত প্রতিবেদনের পক্ষপাতিত্বকে সুষ্পষ্টভাবে প্রতীয়মান করেছে। আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় পরিচালিত তথাকথিত এই যৌথ অনুসন্ধান মূলত নির্বাচিত ফুটেজ ও অনুমাননির্ভর বর্ণনায় গড়ে উঠেছে, যার প্রধান অসংগতি সমূহ নিচে তুলে ধরা হলো…

 

বিজিবি সদস্যের ফায়ারিংয়ে গুলিবিদ্ধ হওয়া প্রসঙ্গে

প্রতিবেদনের শুরুতে কমলা রঙয়ের টি-শার্ট পরিহিত যুবক রমজানের গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার দৃশ্য প্রদর্শিত হয়। ভিডিওর ৩১ সেকেন্ডে প্রদর্শিত ফুটেজটি নিঃসন্দেহে কোনো বহুতল ভবনের ওপর থেকে রেকর্ডকৃত। কে বা কারা যুবক রমজানের দিকে অস্ত্র তাক করেছিল তার সুনির্দিষ্ট তথ্য/প্রমাণ ভিডিওটিতে অনুপস্থিত। এছাড়াও রমজানের চতুর্পার্শ্বে আরও অন্যান্য ব্যক্তিবর্গ থাকায় আপাতভাবে মনে হচ্ছে তাকে কোনো ছাদ থেকে অথবা উঁচু স্থান থেকে গুলি করা হয়েছে, তা না হলে তার গায়ে না লেগে তার চতুর্পাশ্বে যারা রয়েছে, তাদের কারো গায়ে লাগার কথা। জনসাধারণকে বিভ্রান্ত করার মানসে বিজিবির দিকে অঙ্গুলি প্রদর্শনপূর্বক ফুটেজটির অবতারণা করা হয়েছে। এছাড়াও ভিডিওর ১ মিনিট ১০ সেকেন্ড হতে ১ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত দেখানো হয়েছে অন্য একটি বাহিনীর ফায়ারিংয়ের দৃশ্য। টেক গ্লোবাল ইনস্টিটিউটের ২০০ ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণে ওই বাহিনীর সদস্যদের ফায়ারিংয়ের চিত্র দৃশ্যায়িত হলেও অজানা কোনো এক কারণে বাহিনীটির নাম উচ্চারিত হয়নি।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিয়ে অপতথ্য১৬ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত সমগ্র দেশে পূর্ববর্তী সরকারের আদেশে বিজিবি মোতায়েন করতে হয়েছিল দণ্ডবিধি ১৮৯৮-এর ১২৮-১৩২ ধারা ও ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফ্‌লস রেগুলেশন ১৯২২-এর ৩১০, ৩১০-এ অনুযায়ী। প্রতিবেদনে ম্যাজিস্ট্রেট অনুপস্থিত থাকার দাবি করা হয়েছে, অথচ সরকারি নথিতে উক্ত তারিখে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটদের পূর্ণ তালিকা বিদ্যমান ও আদালতে উপস্থাপিত। ফুটেজে ম্যাজিস্ট্রেটকে দেখা যায়নি মানে এই নয় যে তিনি/তারা সেখানে ছিলেন না।

 গুলির পরিমাণ নিয়ে বিভ্রান্তি

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিজিবি কর্তৃক ৯৭২ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। তবে এর মধ্যে যে বিজিবির ধ্বংসপ্রাপ্ত/পুড়ে যাওয়া জিপ এর অভ্যন্তরে থাকা ৬০০ রাউন্ডের বেশি গোলাবারুদ ছিল, তা উল্লেখ করা হয়নি। অর্থাৎ উল্লেখিত গুলির মধ্যে অধিকাংশই পুড়ে যাওয়া গাড়ির অভ্যন্তরে রাখা ধ্বংসপ্রাপ্ত গুলি এবং ঊর্ধ্বমুখে ছোড়া অধিকাংশ ফাঁকা গুলি ছিল।

ক্তি প্রয়োগ সংক্রান্ত অন্যান্য কিছু বিষয়

বিজিবির কোনো ‘র‍্যাপিড অ্যাকশন টিম মাঠে নামেনি, এলএমজি কিংবা কোনো ভারি অস্ত্র গাড়ির ছাদে বসানো হয়নি, কোথাও বালুর ব্যারিকেডও গড়ে তোলা হয়নি, আন্দোলনের বিরুদ্ধে কোনো হেলিকপ্টার ব্যবহার করেনি। যখন গণগ্রেফতারের আদেশ হয়েছিল তখনও বিজিবির কোনো টহল একজন ব্যক্তিকেও গ্রেফতার করেনি। ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিজিবির কোনো স্থাপনায় কোনো বিতর্কিত ব্যক্তিবর্গকে আশ্রয় গ্রহণ করতে দেয়া হয়নি।

বিনা উসকানিতে গুলি তত্ত্ব ভিত্তিহীন

ভিডিও বিশ্লেষণ বলছে-৫ মিনিটের ব্যবধানে ইট-বাঁশ-পেট্রলবোমা নিক্ষিপ্ত হওয়ার পরই বিজিবি সতর্ক-ফায়ার দেয়। পুলিশের ব্যর্থতায় স্থানীয় প্রশাসন জরুরি ভিত্তিতে বিজিবির সহায়তা চায়, যা প্রতিবেদক নিজের ভাষ্যেই স্বীকার করেছেন। অথচ পূর্ণ প্রেক্ষিত বাদ দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের ক্লিপ তুলে ধরে ‘বিনা উসকানিতে গুলি’ শীর্ষক উপসংহারে উপনীত হওয়া নিতান্তই সাংঘর্ষিক।

জন-সমর্থনের চিত্রআইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা সমূহ আন্দোলনকারীদের দ্বারা আক্রান্ত হলেও সারা দেশে বিজিবির সকল ক্যাম্প অক্ষত ছিল। রামপুরা, বাড্ডা, গুলশানসহ বহু এলাকায় টেলিভিশন ফুটেজে দেখা যায় ছাত্র-জনতা বিজিবির টহলকে আক্রান্ত করেনি, বরং অনেক স্থানে একইসঙ্গে বিজিবি ও ছাত্র জনতাকে সহমতে সংহতি প্রকাশ করতে দেখা গিয়েছে। বিজিবির দুই একজন সদস্য যাকে/যাদেরকে প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বল প্রয়োগ করতে দেখা গেছে, তার/তাদের কারণে একটি বাহিনীকে সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘণকারী বলতে হলে দৃঢ়, যাচাইকৃত প্রমাণ দরকার, যেটি রিপোর্টে পূর্ণাঙ্গভাবে অনুপস্থিত। এছাড়াও উল্লেখ্য যে, এক্ষেত্রে বিজিবি কর্তৃক দ্রুততার সঙ্গে ঘটনার দুই মাসের মধ্যেই প্রাথমিক তদন্ত সম্পন্ন করা হয়েছে।

এডিটকৃত গুলির শব্দ সংযোজন

প্রতিবেদনের ১৪:২৪ মিনিটে ৩ জন বিজিবি সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে এডিটকৃত গুলির শব্দ সংযোজন করে এখানে একটি নাটকীয় সাউন্ড ইফেক্ট আনার অপচেষ্টা করা হয়েছে, যার মাধ্যমে বিজিবির সদস্যরা অনেক পরিমাণ গুলি করছেন মর্মে ভুল দৃশ্য উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। বিজিবির মতে, রামপুরার ঘটনায় প্রাণহানি নিশ্চিতই বেদনাদায়ক এবং কোনোভাবেই মানা যায় না। দোষী ব্যক্তির অবশ্যই শাস্তি প্রাপ্য। তবে যেকোনো তদন্তে সততা কাম্য। নির্বাচিত ফুটেজ, অনুমান ও আংশিক তথ্য নিয়ে রচিত গল্পকে ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ বলা যায় না। সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় যদি কোনো বিজিবি সদস্য দোষী প্রমাণিত হন, তার শাস্তি বিধানের বিষয়ে বিজিবিও সম্পূর্ণ একমত।

বিডিআর বিদ্রোহের ক্ষত কাটিয়ে বিজিবি যখন পুনর্গঠিত হয়ে বর্তমানে একটি দক্ষ বাহিনী হিসাবে দায়িত্ব পালন করছে, ঠিক তখনই এমন ভিডিও বিজিবির মতো একটি ফার্স্ট লাইন ডিফেন্স ফোর্সের মনোবল ভাঙার দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি অংশ বলে প্রতীয়মান। সীমান্ত রক্ষী বাহিনীর মনোবলকে দুর্বল করে দিলে কার লাভ বেশি, এর মধ্যে দেশের বাইরের কারো কী ইন্ধন রয়েছে, প্রশ্ন তুলেছে বিজিবি। 

কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit