সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

পশ্চিমবঙ্গসহ চার রাজ্য সফরে বেরোচ্ছেন মোদি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার থেকে চার রাজ্য সফরে বেরোচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিকিম দিয়ে তার রাজ্য সফর শুরু হচ্ছে, এরপর পশ্চিমবঙ্গ, বিহার হয়ে তার সফর শেষ হবে উত্তরপ্রদেশে। দুদিনের এই সফরে (বৃহস্পতি ও শুক্রবার) যেমন বেশ কয়েকটি জনসভায় উপস্থিত থাকবেন তেমনি ৬৯ হাজার কোটি রুপির বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাশ করবেন। 

ভারতের কেন্দ্রে এনডিএ-৩ সরকারের প্রথম বছর পূর্তি হবে আগামী ৯ জুন। গতবছর তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় এসে ৯ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। ইতোমধ্যেই এই দিনটি পালনের জন্য বিজেপি একাধিক কার্যক্রম নিয়েছে। এই এক বছরের শাসনামলে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্ম এবং সাফল্য তুলে ধরা হবে দেশের মানুষের কাছে। স্বাভাবিকভাবে ব্যস্ত সফরসূচির মধ্যেই এই চার রাজ্য সফরে বেরোচ্ছেন প্রধানমন্ত্রী। 

দুদিনের এই সফরের প্রথম দিন বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে সিকিমে আসবেন মোদি। সকাল ১১ টায় সিকিমের রাজধানী গ্যাংটকে ‘সিকিম@৫০: হোয়ার প্রগ্রেস মিটস পারপাস অ্যান্ড নেচার নার্সারস গ্রোথ’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। সিকিম রাজ্য হিসেবে মর্যাদা পাওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারক মুদ্রা, ডাক টিকিট, স্মরণিকা প্রকাশ করবেন মোদি।

একই দিনে দুপুরে সিকিম থেকে পশ্চিমবঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী। দুপুর দুটো নাগাদ আলিপুরদুয়ারে একটি অনুষ্ঠান থেকে কোচবিহার ও আলিপুর জেলায় সিটি গ্যাস বন্টন (সিজিডি) প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১ হাজার ১০ কোটি রুপি প্রকল্পের লক্ষ্য হলো কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রায় আড়াই লাখের বেশি মানুষের ঘরে এবং ১০০ টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পাইপের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়া। পরে আলিপুরদুয়ারের একটি জনসভাতেও অংশ নেবেন মোদি। 

আলিপুরের সভা শেষ করেই তিনি চলে যাবেন বিহারের পাটনায়। বিকেল পৌনে ছটায় পাটনা বিমানবন্দরে একটি নতুন ভবনের উদ্বোধন করবেন মোদি। ১ হাজার ২০০ কোটি রুপির এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বেড়ে যাবে সেক্ষেত্রে একবছরে ১ কোটি যাত্রী চলাচল করতে পারবে। 

তবে এই সফরের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ সফর। বছর ঘুরলেই ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। ফলে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে মোদির এই সফর নিয়ে রাজ্য বিজেপির নেতা কর্মীদের উন্মাদনা তুঙ্গে।  

ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ, রেশন, সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় ডাক্তারি ছাত্রীর মৃত্যু, স্বাস্থ্য, বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, খুন সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতিতে নাম জড়িয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের। এই সব ইস্যুকে হাতিয়ার করে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে দলীয় নেতাকর্মীদের কি বার্তা দেন সেদিকে যেমন বিজেপির দলীয় কর্মী সমর্থকরা মুখিয়ে রয়েছেন, তেমনি এই সভার দিকে রাজনৈতিক মহলেরও নজর রয়েছে। 

যদিও মোদির সফর নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সিনিয়র নেতা এবং দমদমের সাংসদ সৌগত রায় বলেছেন ‘নির্বাচনের আগে বারবারই প্রধানমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারের মত যাতায়াত করেন। আবার প্রতিবারই হেরে যান। এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলবেন আগলি বার দোশো পার। কিন্তু ১০০ আসনও পার হতে পারবে না। ওদের আসা যাওয়ায় আমাদেরকে কিছু এসে যায় না।’ সৌগত রায়ের প্রত্যাশা ‘২০২৬ এর নির্বাচনে তৃণমূল ব্যাপকভাবে জিতবে এবং ২০০’এর বেশি আসন পাবে।’ 

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit