শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ববির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক শিক্ষার্থীর আবেগী স্ট্যাটাস ভাইরাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৪  তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল শনিবার (২২ ফেব্রুয়ারী) । দিনটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। তবে দিনটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শফিক মুন্সির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি স্ট্যাটাস বেশ আলোচিত হয়েছে।

বর্তমানে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে কর্মরত এই স্ট্যাটাসদাতা বিশ্ববিদ্যালয়টির ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন।স্ট্যাটাসের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির নৈসর্গিক সৌন্দর্য সম্বলিত নানা ছবি প্রকাশ করে তিনি লেখেন- 

আমাকে গড়েছে আমার বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়।প্রথম যেদিন ক্যাম্পাসে যাই সেদিন আমার চোখে ধরা দেয় অর্ধ নির্মিত কিছু দালানে ঘেরা ধু ধু মরুভূমি।সেখান থেকে নানা রঙের ক্যাম্পাস হয়ে ওঠা আমার বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পরিবর্তন আমাকে শিখিয়েছে খারাপের পর ভালো দিন আসবেই। গোধুলীর কীর্তনখোলার বয়ে চলা জানান দিয়েছে জীবনে কিছুই থেমে থাকে না। সেই ভোলা রোড, আহা আমার প্রিয় ভোলা রোড। বর্ষার প্রথম কদম ফুলের উপহার, দিগন্ত সামনে রেখে দ্বিপ্রহর চার পায়ের পদচারণা, শীত – গ্রীষ্ম – বর্ষার নানা রূপের মুগ্ধতা কি না দিয়েছো তুমি! জীবনে কিছু সুন্দর মুহুর্ত আসবেই সেই বিশ্বাস করতে শিখিয়েছে ভোলা রোড। ক্লাসরুমে পৌঁছাতে গিয়ে যেসব সিড়ি ভেঙেছি, বারবার থেমে গেছি। আমার সামনে এসেছে কবিতা, বিপ্লব, সংগ্রাম, ক্লেশ, অশ্রু বা আনন্দ। বিশ্ববিদ্যালয়ের চারাগাছগুলোর বড় হওয়া আমায় শিখিয়েছে কোনো প্রাণই ছোট থাকে না।প্রাণ থাকলে দেহ মাথা তুলে দাঁড়াবেই, স্পর্ধায় ছুঁতে চাইবে আকাশ। বিশ্ববিদ্যালয়ে আমাকে ছাড়া যাদের দিনাতিপাত সম্ভব ছিল না, একসময় তাদের ছোড়া প্রতিহিংসার গুলিতে বিদ্ধ হয়েছি। তারাই শিখিয়েছে কোনো সম্পর্কই স্থায়ী নয়। যারা কখনো আমার সুখ্যাতি করে নি তাদের অনেকে বাঁচিয়েছে ঘোরতর অন্ধকার থেকে। তারাই প্রমাণ করেছে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। ধুঁলোমাখা যে প্রান্তরে অন্যায়ের বিরুদ্ধে আমার প্রথম মিছিল – প্রথম স্লোগান, সেই প্রান্তরই শিখিয়েছে মানুষের ভালো – মন্দের খবর কিভাবে ছাপতে হয়। যেই প্রেম কাছে এসেও এলো না সেই প্রেম শিখিয়েছে মানুষকে ভালোবাসতে হয়। আমার বিশ্ববিদ্যালয়ের শিশিরভেজা ঘাস, নানা নামের চত্ত্বর, মুক্তমঞ্চে শেষ বিকেলের রোদ্দুর আমাকে কখনো বানিয়েছে মানুষের মুখের মুখরোচক সংলাপ। কখনো আবার আমাকে দিয়েই লিখিয়েছে হৃদয় নিংড়ে দেয়া আমার গল্প ; গন্তব্য। এই ক্যাম্পাস কখনো কখনো আমার আলোচনা করেছে অজস্র কারণে, আবার কখনো সমালোচনায় মত্ত হয়েছে বিনা কারণে৷ কখনো আমাকে ধারণ করেছে আমার যোগ্যতার চেয়েও বেশি।কখনোবা ছুঁড়ে ফেলেছে দোষী সাব্যস্ত হবার ঢেড় আগেই।এভাবেই  আমাকে শিখিয়েছে সবকিছু সবসময় আমার নিয়ন্ত্রণে থাকবে না।তবু উত্থান – পতনের জীবনে আমাকে বেঁচে থাকতে হবে অসংখ্য নির্ঘুম রাত শেষে সুন্দর সকালের আশায়। এই আশা  নিয়েই আমার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাতের পর রাত কেউ পার করছে বইয়ের পাতায় চোখ রেখে,কেউবা লাইব্রেরিতে নতুন কবিতা ভেবে, কেউ হয়তো ল্যাবে বসে দুনিয়া বদলে দেবার পরিকল্পনা নিয়ে। কারণ তাদেরকেও জয়ী হতে গড়ে দিচ্ছে আমার প্রাণের বিদ্যাপীঠ, বরিশাল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় আমাকে হারতে শেখায় নি, বিজয়ী হতে লেগে থাকা শিখিয়েছে। শুভ জন্মদিন বরিশাল বিশ্ববিদ্যালয়, ভালো থেকো।

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit