স্পোর্টস ডেস্ক : রোববার (৩ নভেম্বর) হংকংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিক্সেস টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আসিফ আলী এবং হুসাইন তালাতের উইকেট হারায় পাকিস্তান। এক প্রান্তে মোহাম্মদ আখলাক অবশ্য ভালো ব্যাটিং করেছেন। কিন্তু অন্যপ্রান্তে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।
পাকিস্তান জাতীয় দলে নিয়মিত খেলা খেলোয়াড়দের নিয়েও ফাইনালে কেবল ৭২ রান করতে পেরেছে পাকিস্তান। লঙ্কান বোলারদের সামনে পাত্তাই পাননি শাদাব খান এবং ফাহিম আশরাফরা। ৪ বল বাকি থাকতেই অলআউট হয় পাকিস্তান। ২০ বলে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেছেন আখলাক।
লক্ষ্য তাড়ায় পাকিস্তানের মতো ভুল করেনি শ্রীলঙ্কা। শুরুটা ধীরগতির হলেও শেষ পর্যন্ত উইকেট ধরে রেখেছে লঙ্কানরা। আর সেটার সুফলও পেয়েছে তারা। ১ ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে মাদুশঙ্কারা।
লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন সাদুন বিরাক্কোডি। ৫ বলে ১৯ রান করেছেন অধিনায়ক মাদুশঙ্কা। আর ৪ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন থারিন্ডু রাথানায়েক।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/রাত ১০:১৫