ডেস্ক নিউজ : মানুষের ভেতর অসীম এক গুহা আছে—সর্বগ্রাসী লোভ, যা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের চেয়েও সুবিশাল। সব কিছু গোগ্রাসে গিলতে থাকে। লোভ মানুষের অন্তরের মারাত্মক ব্যাধি। অর্থ-বিত্ত, যশ-খ্যাতি আর পদের লোভ মানুষের অন্তরের ঈমানের রং ধূসর করে দেয়।
ভোগবাদী সমাজে একটি কথা প্রচলিত আছে, ‘একদিন তো মরেই যাব, খাওদাও ফুর্তি করো।’ লোভ-লালসা মানুষকে পরকালের কথা ভুলিয়ে রাখে। আসলেই রং-রসে পূর্ণ পৃথিবীর সফর শেষ হবে মুসাফিরের। তবে আল্লাহভীতি ও পরকালে জবাবদিহির ভয় মানুষকে অল্পে তুষ্ট হতে শেখায়।
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কিয়ামতের দিন আদম সন্তানকে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে এক কদমও নিজের জায়গা থেকে সামনে নড়তে দেওয়া হবে না। তাহলো তার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে, যৌবনের সময়টা কিভাবে ব্যয় করেছে, ধনসম্পদ কিভাবে উপার্জন করেছে, এবং তা কিভাবে ব্যয় করেছে, সে দ্বিনের (ইসলাম) যতটুকু জ্ঞান অর্জন করেছে সেই অনুযায়ী আমল করেছে কি না বা কতটুকু করেছে।’ (তিরমিজি, হাদিস : ২৪১৬)
রাসুলুল্লাহ (সা.) দোয়া করতেন, ‘হে আল্লাহ! হে আমাদের রব! তুমি আমাদের দুনিয়াতে মঙ্গল দাও ও আখিরাতে মঙ্গল দাও এবং আমাদের জাহান্নামের আজাব থেকে বাঁচাও।’ (বুখারি, হাদিস : ৪৫২২)
কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১৮