ডেস্ক নিউজ : সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে তার মরদেহ রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে আনা হয়। এখানে তার তৃতীয় এবং শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মহানগরীর হেতেম খাঁ কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এ সময় বিএনপি চেয়ারপাসেনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতসহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণির মানুষ জানাজায় অংশ নেন।
এর আগে সোমবার সকাল ১০টায় সদ্য প্রয়াত বিএনপি নেতা অ্যাডভোকেট নাদিম মোস্তফার নির্বাচনি এলাকা দুর্গাপুর এবং বেলা ১১টায় পুঠিয়ায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে রোববার আছরের নামাজের পর রাজধানীর নয়াপল্টনে নাদিম মোস্তফার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে প্রথম জানাজা শেষে ঢাকা থেকে সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফার মরদেহ সড়ক পথে তার নির্বাচনি এলাকায় নেওয়া হলে এক নজর দেখার জন্য নেতাকর্মী এবং গ্রামের সাধারণ নারী-পুরুষের ঢল নামে। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এরপর রাজশাহী দুর্গাপুর-পুঠিয়া (৫) আসন থেকে ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন।
মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে; চার ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুাঠিয়া) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি নাদিম মোস্তফা রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
রোববার সকালে গুলশানের বাসায় অসুস্থ বোধ করলে দ্রুত তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই দুপুর পৌনে ১২দিকে তার মৃত্যু হয়।
কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৪,/রাত ১১:০৪