বিনোদন ডেস্ক : এবার ঈদুল ফিতরে দেশজুড়ে ২০৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১১টি সিনেমা। সিনেমাগুলো হলো- ‘রাজকুমার’, ‘কাজলরেখা’, ‘ওমর’, ‘দেয়ালের দেশ’, ‘জ্বীন–২’, ‘আহারে জীবন’, ‘লিপস্টিক’, ‘সোনার চর’, ‘গ্রিন কার্ড’, ‘মায়া দ্য লাভ’ ও ‘মেঘনা কন্যা’।
সিনেমা প্রসঙ্গে প্রশ্ন করা হয় জায়েদ খানকে। কথা বলার এক পর্যায় তিনি বলেন, বলিউড সুপারস্টার সালমান খানের সিনেমা প্রতিবছর ঈদে মুক্তি পায়। কিন্তু এবার পায়নি। জায়েদের প্রিয় নায়ক সালমান খান। তাই জায়েদ মজা করেই বলেন, সালমান খানের সিনেমার বদলে আমার সিনেমা মুক্তি পেয়েছে।
এবার ঈদে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমা নিয়ে জায়েদ বলেন, ‘এই সিনেমায় আমি খুব পরিশ্রম করেছি। অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কুমির আছে জেনেও আমি নদীতে লাফ দিয়েছি। মাছ ধরতে গিয়ে জাল ফেলার মতো কঠিন কাজ করেছি। শীতের সকালে আমাকে কাদাপানিতে নামতে হয়েছে। আমি সকলকে আহবান করবো আমার সিনেমাটা যেন সবাই দেখেন ‘
জায়েদ খানের ‘সোনার চর’ মুক্তি পেয়েছে রাজধানীর যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ ৯ টি হলে। জায়েদ খান আশা করছে প্রথম সপ্তাহের পরে হল বাড়বে। কেননা অনেক হলই আগ্রহ দেখিয়েছে ‘সোনার চর’র জন্য। সোনার চর সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী আর জায়েদ খানের নায়িকা হিসেবে রয়েছেন নবাগতা স্নিগ্ধা।
কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪৪