আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন সংঘাতে রাশিয়া ক্রমাগতই পরমাণু অস্ত্র নিয়ে রণ হুঙ্কার দিয়ে যাচ্ছে। এর মাঝেই কোন কোন দেশ ফের পরমাণু পরীক্ষা করতে পারে তার এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে বুলেটিন অফ অ্যাটোমিক সায়েনটিস্ট। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া’ প্রকাশিত এক প্রতিবেদনে ‘বুলেটিন অফ অ্যাটোমিক সায়েনটিস্ট’এর প্রতিবেদন তুলে ধরেছে।
উল্লেখ্য, ১৯৪৫ সালে অ্যালবার্ট আইনস্টাইন ও ম্যানহ্যাটেন প্রজেক্টের সঙ্গে জড়িত বিজ্ঞনীদের হাত ধরে এই ‘বুলেটিন অফ অ্যাটোমিক সায়েনটিস্ট’ শুরু করেছিলো। প্রতিবেদনটিতে ইউরোপীয় পার্লামেন্টের নিউক্লিয়ার অ্যাফেয়ার্স সংক্রান্ত অ্যাডভাইজার ফ্রাঙ্কোইজ দিয়াজ মউরিন এ দাবি করেছেন। পরমাণবিক অস্ত্রের বিভিন্ন হ্রাসমূলক আন্তর্জাতিক চুক্তি থাকা সত্ত্বেও বহু দেশ এই পরমাণু অস্ত্রের পরীক্ষার দিকে ফের ঝুঁকছে। আর এর প্রমাণ হিসেবে স্যাটেলাইটে ধরা পড়া কিছু ছবি উপস্থাপন করেছে প্রতিবেদনটি।
ওই বিস্ফোরক প্রতিবেদন বলছে, ২০২১ সালের পর থেকে এখন পর্যন্ত ধারণকৃত স্যাটেলাইট ছবি পর্যবেক্ষণ করলে দেখা যায়, চিন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বহু দেশ এবার পরমাণু অস্ত্রের প্রস্তুতি নিচ্ছে। পরমাণু অস্ত্র পরীক্ষা বিষয়ক এসব তথ্য বেশ উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। নজরে থাকছে ভারত ও পাকিস্তানও; যারা সিটিবিটি বা কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটিতে স্বাক্ষর করেনি।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে। এদিকে, ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া আর চিন তাদের মাটির নিচের সুড়ঙ্গের পরিসর বাড়াচ্ছে। দুই দেশের নোভায়া জেমলিয়া, আর লোপ নুরে পারমাণবিক ঘাঁটি পরিসর বাড়াচ্ছে।
কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫৪