বিনোদন ডেস্ক : দেড় দশক পরে বিরতি কাটিয়ে ফের বড়পর্দায় ফিরছেন প্রীতি। শোনা যাচ্ছে, আমির খানের প্রযোজনায় ‘লাহোর ১৯৪৭’ শিরোনামের সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করবেন বলিউডের প্রিয় ‘ডিম্পল গার্ল’। সম্প্রতি মুম্বাইয়ে একটি স্টুডিওর বাইরে দেখা গেছে প্রীতিকে। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। জানা গেছে, ‘লাহোর ১৯৪৭’ ছবির লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে মায়ানগরীতে ফিরে এসেছেন অভিনেত্রী।
এর আগে ‘হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘ফর্জ’ সিনেমাতে সানির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর ২’ ছবির মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি। সেই ছবিতে আমিশা পাটেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানি। ‘গদর ২’ ছবির সাফল্যের পর সানির সঙ্গে জুটি বাঁধার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন খোদ আমির খান। আমিরের প্রযোজনাতেই তৈরি হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’ ছবিটি।
নব্বইয়ের শেষ দিকে শাহরুখ খানের নায়িকা হয়ে ‘দিল সে..’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন প্রীতি জিনতা। মণি রত্নম পরিচালিত ওই সিনেমার মাধ্যমেই অভিনয়ের হাতেখড়ি তার। এর পরে ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হার দিল জো প্যায়ার কারেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নামাস্তে’, ‘বীর জারা’-র মতো সিনেমায় কাজ করেছেন প্রীতি।
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:১৪