আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরে তিনটি সিনেমা নিয়ে বড়পর্দায় হাজির হবেন ঢালিউড কুইন। এরই মধ্যে একটি সিনেমার সবকিছু চূড়ান্ত হয়েছে। জানা গেছে, অপুর নতুন সিনেমার নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। বাকিগুলো নিয়ে কথা চলছে।
চলচ্চিত্র নির্মাতা সালমান হায়দারের নির্মাণে নতুন সিনেমায় অভিনয় করবেন অপু বিশ্বাস। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে। এতে অপুর চরিত্রের নাম হবে ‘হাসু’।
এর আগে নির্মাতা সালমান হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে কাজ করবেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।
সিনেমাটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
অভিনেত্রী আরও বলেন, ‘এখন আমি আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত। আগে শুধু অভিনয় করতাম। তবে এখন বিজনেস শুরু করেছি, সেখানে আমাকে সময় দিতে হয়। এছাড়া জয়ের সাথে আমি সময় কাটানোর চেষ্টা করি। সব মিলিয়ে অনেক সিনেমা করা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিয়েছি চলতি বছর তিনটি সিনেমা করব। একটিতে এরইমধ্যে সাইন করেছি। অন্য দুটিও প্রাথমিকভাবে চূড়ান্ত হয়ে আছে। ক্রমান্বয়ে শুটিং করব এগুলোর।’
এছাড়া নিজের প্রযোজনা সংস্থা থেকেও একটি সিনেমা বানানোর পরিকল্পনা আছে অভিনেত্রীর।
অন্যদিকে গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় ‘হারলান’-র নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু। ঘটনা জমে ওঠে, যখন অপু সংবাদমাধ্যমে বলেন, আমার ওপর শাকিবের আস্থা, ভরসা অনেক বেশি। ও ( শাকিব খান) জানে, আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব।
আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ চালু করেছেন তিনি। যা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। সবসময় যাওয়া না হলেও সুযোগ পেলে চলে যান নিজ ব্যবসার তত্ত্বাবধানে, এমনটাই জানালেন সময় সংবাদকে।
অপুকে ব্যবসায়ী হওয়ার খবরের পর ২০ জানুয়ারি রিমার্ক ও হারল্যান-র আনুষ্ঠানিক ঘোষণায় জানা যায়, এ প্রতিষ্ঠানটির পরিচালক পদে থাকছেন শাকিব খান। এমন খবর পেয়ে শাকিব-অপু ভক্তরা খুশি হয়ে যান।
কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৫০