আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম স্বর্ণ রপ্তানিকারক পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনির টানেল ধসে পড়ে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে বলে জানানো হয়।
স্বর্ণ খনির স্থানীয় কর্মকর্তা ওমর সিদিবে বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘ঘটনাস্থলে ২০০ জনেরও বেশি স্বর্ণের খনি শ্রমিক ছিল। অনুসন্ধান শেষে আমরা ৭৩ জনের মৃতদেহ পেয়েছি।’
মালির খনিবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, টানেল ধসে মৃতের সংখ্যা ৪০-এর বেশি। এ মুখপাত্র আরও জানান, তারা এ ঘটনার আরও তদন্ত করবে এবং বৃহস্পতিবার ওই এলাকায় একটি দল পাঠাবে।
তবে স্বর্ণ রপ্তানিকারক দেশ মালিতে খনির দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। কারণ, বেশির ভাগ খনি শ্রমিক স্বর্ণ খননের জন্য অনিরাপদ পদ্ধতি ব্যবহার করে কাজ করে থাকেন। এ ঘটনায় দেশটির সরকার ক্ষতিগ্রস্ত পরিবার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৪০