স্পোর্টস ডেস্ক : ৩৬ পূর্ণ হওয়ার আগেই খেলোয়াড়ি জীবনের পাততাড়ি গুটিয়েছেন ওয়েইন রুনি। নতুন পেশা হিসেবে কোচিং বেছে নিলেও খেলোয়াড়ি জীবনের সাফল্য এখনও ধরা দেয়নি তাকে। এবার ফের চাকরি হারিয়েছেন রুনি। আগেই সংবাদমাধ্যমের দাবি করেছিল, বার্মিংহামের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে রুনিকে। রুনি কোচের দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ ম্যাচ পরেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টম ব্র্যাডি ও বার্মিংহামের বোর্ড।
জুড বেলিংহামের আবেক ক্লাব এরই মধ্যে রুনিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে বিবৃতি দিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে, আমাদের সঙ্গে রুনির সময়টা পরিকল্পনামাফিক এগোয়নি এবং আমরা উভয়ই পৃথক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।’ এর আগে রুনি ডার্বি কাউন্টি ও এমএলএসের দল ডিসি ইউনাইটেডের কোচের দায়িত্ব সামলেছেন।
গত অক্টোবরে সেন্ট অ্যান্ড্রু পার্কের ক্লাবটির দায়িত্ব নেন রুনি। কিন্তু ১৫ ম্যাচের ৯টিতেই হেরেছে তার দল। এ সময়ে ৪৫ পয়েন্টের মধ্যে মাত্র ১০ পয়েন্ট ঘরে তুলতে পেরেছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দলটি। জন ইউয়েস্টাচ যখন বার্মিংহামের দায়িত্ব ছাড়েন তখন ক্লাবটি প্লে-অফে জায়গা নিশ্চিত করে ফেলেছিল। কিন্তু রুনির অধীনে চ্যাম্পিয়নশিপে এই মুহূর্তে ২০ নম্বরে অবস্থান করছে তারা এবং অবনমন অঞ্চলের দলের চেয়ে মাত্র ৬ পয়েন্ট এগিয়ে আছে জুড বেলিংহামের শৈশবের ক্লাব।
এর আগে ডার্বি সিটির কোচ থাকাকালীন সময়েইও এমন অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলেন রুনি। তবে এবার ওয়েস্ট মিডল্যান্ডসের দলটি তার ওপর আস্থা রাখেনি। এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডির নেতৃত্বে বার্মিংহামের বোর্ড নতুন পথে হাঁটার কথা ভাবছে। লিডসের বিপক্ষে ৩-০ গোলের হারের পর রুনিকে ছাটাইয়ের তাৎক্ষনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য মিরর’।
ইল্যান্ড পার্কে বছরের প্রথম খেলায় শুধু বড় হারই দেখেনি রুনির দল। রুনিকে দুয়োও দিয়েছে বার্মিংহামের সমর্থকরা। ‘আমাদের ক্লাব থেকে দূর হও’ বলে কোরাস গাইতে দেখা গেছে তাদের। রুনি দলকে ভয়ডরহীন ফুটবল খেলাতে পারছেন না বলে মনে করেন সমর্থকরা। ক্লাবটি এখন দ্রুত একজন কোচ নিয়োগ দিয়ে জানুয়ারির দলবদলে দলকে ঢেলে সাজানোর কথা ভাবছে।
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩৮