শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী পর আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন এই সিদ্ধান্ত? দিল্লিতে মমতা ব্যানার্জি আটক যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি

একদফা দাবিতে মঙ্গলবার থেকে ফের ৩৬ ঘণ্টার অবরোধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী ফের ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। একই কর্মসূচি ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করবেন দলগুলোর নেতাকর্মীরা। রোববার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদাভাবে একই কর্মসূচি ঘোষণা করে সমমনা দলগুলো। 

এদিকে আগামী দিনের কর্মসূচি আরও জোরদার করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এছাড়া মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যেও কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রিজভী বলেন, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন করার জন্য সরকার দেশব্যাপী গ্রেফতার অভিযান চালাচ্ছে। নির্যাতন-নিপীড়ন চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করছে। তারা কবরস্থানের মতো নিস্তব্ধতা জারি রাখতে চায়। লোক দেখানো প্রহসনের নির্বাচন করতে চায়। তবে সরকার এবার প্রহসন ও জালিয়াতি করে ক্ষমতায় থাকতে পারবে না। আজকে গণতান্ত্রিক বিশ্ব ও দেশের জনগণ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে।’

তিনি বলেন, ‘মানবাধিকার দিবসের কর্মসূচি ঘিরে দেশের বিভিন্নস্থানে বিএনপির ওপর সরকার পরিকল্পিত হামলা করেছে। তারা (আওয়ামী লীগ) ভেবেছিল হামলা মামলা ও গ্রেফতার জাতীয়তাবাদী শক্তিকে স্তব্ধ করে দেবে। কিন্তু না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে বুক চিতিয়ে আন্দোলনে অংশগ্রহণ করছে। তারা সব ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশে মানবাধিকার দিবসে মানববন্ধনে জড়ো হয়েছে। জনগণ ‘জালিয়াতি, সিলেকশান ও প্রহসনের ইলেকশন’ মানে না। ভয়ভীতি, গণগ্রেফতার উপেক্ষা করে রাজপথে আছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপি আয়োজিত মানববন্ধনে পুলিশ হবিগঞ্জ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অনেককে আহত করেছে। সারা দেশে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিচ্ছে। নেতাকর্মীদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় ঘরে বন্দি করে রাখা হয়েছে। যাতে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায়। আজকে সরকার দ্বিতীয় বাকশাল কায়েম করতে চায়।’

জাতিসংঘে পাঠানো চিঠির প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলুন, তিনি যখন বিরোধী দলের নেত্রী থাকেন তখন বিদেশিরা আপনার কাছে ভালো থাকে। নিজেকে ক্ষমতায় নেওয়ার জন্য উনি সবকিছু করতে পারেন। এখন বিদেশিরা বাংলাদেশে যখন অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন, তখন আওয়ামী লীগের গা জ্বলে যাচ্ছে। নিজের স্বার্থে বিদেশিদের সাথে কথা বলতে পারে ক্ষমতাসীন দল।’ কাল থেকে ৩৬ ঘণ্টার সর্বাত্মক রাজপথ-রেলপথ-নৌপথে অবরোধ কর্মসূচি সফলে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকারের একতরফা নির্বাচন দেশের জনগণ হতে দেবে না। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে।’

পৃথক বিবৃতিতে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। তিনি বলেন, ‘জামায়াতের নিবন্ধন বাতিল, একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হবে।’ 

পৃথক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদও অবরোধ কর্মসূচি সফলের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও একই কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু), পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit