আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, খুব শিগগিরই এই দুই যুদ্ধের হয় মীমাংসা হবে, নয়তো যুক্তরাষ্ট্র জয়ী হবে।
ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘হয় তারা আমাদের সবকিছু দেবে, নয়তো তাদের আর কোনও অস্তিত্ব থাকবে না।’ তবে ‘সবকিছু’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প আরও দাবি করেন, ইরান যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধানের প্রক্রিয়া অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। যদিও এই দুই যুদ্ধের অবসান কবে এবং কীভাবে হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা বা বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেননি তিনি।
এর আগে স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) ওয়াশিংটন থেকে টেক্সাসের সান আন্তোনিওতে রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের যা করতে হবে, সেই দিক থেকে এটি একটি যুদ্ধ। ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করতে হবে আমাদের।
আমরা তাদের পরমাণু শক্তি কেড়ে নিয়েছি। তাদের হাতে পরমাণু শক্তি থাকলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো, যা আগে কখনও দেখেননি।’ট্রাম্প আরও বলেন, ‘এই মুহূর্তে তাদের গোটা দেশ কার্যত ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। আর তা শেষ হলেই তেলের দাম হুড়মুড়িয়ে কমে যাবে।’
কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৪৪