স্পোর্টস ডেস্ক : শনিবার (১১ নভেম্বর) পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ। জবাবে অজি বাহিনী ২২.৪ ওভারে এই রান পার করলে বিপদে পড়তো বাংলাদেশ। তবে প্যাট কামিন্সের দল সেটি করতে না পারায় বাংলাদেশের রানরেট শ্রীলঙ্কা থেকে কম হওয়ার সুযোগ নেই।
এবার অজিদের বিপক্ষে যদি বাংলাদেশ জয় তুলে নিতে পারে তাহলে মোটামুটি নিশ্চিত ২০২৫ সালের বৈশ্বিক আসরের টিকিট। আর হারলেও সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে নেদারল্যান্ডসকে যদি তাদের পরবর্তী ম্যাচে ভারত হারাতে পারে। তবে ডাচ বাহিনী ভারতের বিপক্ষে জিতে গেলে বাংলাদেশ পড়বে বিপদে।
অন্যদিকে দিনের অপর ম্যাচে ইংল্যান্ডকে যদি বড় ব্যবধানে পাকিস্তান হারাতে পারে তাহলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ বেড়ে যাবে। তবে এই মুহূর্তে অজিদের বিপক্ষে জয়ের দিকেই চোখ রয়েছে বাংলাদেশের। আর হেরে গেলে চোখ থাকবে ভারত-নেদারল্যান্ডস ম্যাচে।
বর্তমানে পয়েন্ট টেবিলে ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে সাতে রয়েছে ইংল্যান্ড, আটে বাংলাদেশ, নয়ে শ্রীলঙ্কা এবং দশে নেদারল্যান্ডস। এখান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত হবে সেরা আট দলের। এক্ষেত্রে অবস্থান পরিবর্তনের সুযোগ রয়েছে শ্রীলঙ্কা বাদে বাকি তিন দলের।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:১৯