সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

১২ বছরেও মেলেনি নরসিংদীর মেয়র লোকমান হত্যার বিচার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যার ১২তম বার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এক যুগ আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুবৃর্ত্তদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন নরসিংদীর সাবেক পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। কিন্তু এখনো এই হত্যার বিচার পাননি স্বজনরা। আর আসামিরা সবাই রয়েছে জামিনে।আলোচিত এই হত্যা মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীর দেওয়া নারাজির বিচারিক তদন্ত চলমান। বৃহস্পতিবার যার শুনানির দিন ধার্য রয়েছে। মামলার বাদি ও নিহতের ছোট ভাই কামরুজ্জামান কামরুল সাংবাদিকদের বলেন, এই মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রটি সঠিক ছিল না। সেখানে অভিযুক্ত ১৪ আসামির মধ্যে ১১ আসামিকেই বাদ দেওয়া হয়েছিল। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কামরুল আরও বলেন, “যতদিন পর্যন্ত প্রকৃত আসামিদেরকে বিচারের আওতায় না আনা হবে, ততদিন আমরা আইনি লড়াই চালিয়ে যাব।

মামলার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়।এ হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই মো. কামরুজ্জামান কামরুল বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। প্রধান আসামি করা হয় তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুকে। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল প্রায় দীর্ঘ ৮ মাস তদন্ত শেষে ২০১২ সালের ২৪ জুন সালাহউদ্দিন আহমেদ বাচ্চুসহ এজাহারভুক্ত ১১ আসামিকে বাদ দিয়ে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এতে মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি শহর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মোবারক হোসেন ওরফে মোবা, এজাহারভুক্ত দুই নম্বর আসামি নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল মতিন সরকার, তার ছোট ভাই শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সরকারসহ ১২ জনকে অভিযুক্ত করা হয়।এদিকে মামলার আসামিদের মধ্যে মোবারক হোসেন মোবা পলাতক ছিলেন। বাকি ১৩ জনের সকলেই গ্রেপ্তার হলেও অভিযোগপত্র দাখিলের আগেই সবাই আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে যান। দীর্ঘ ৭ বছর পর ২০১৮ সালের ২৯ অক্টোবর মোবারক হোসেন মোবাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনিও বর্তমানে জামিনে মুক্ত। এরইমধ্যে ২০২১ সালে অভিযোগপত্রভুক্ত আসামি আবদুল মতিন সরকার দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন।বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদ আলী বলেন, মামলাটি বর্তমানে বিচারিক তদন্তাধীন রয়েছে। আগামি ২ নভেম্বর শুনানির দিন ধার্য রয়েছে।এদিকে মেয়র লোকমান হোসেন হত্যার ১২তম বার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করছে নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগ এবং জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন। এসব সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন লোকমান হোসেনের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও গণভোজসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।  

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit