স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ? কারা খেলবেন? এখনও বুঝে উঠতে পারছেন না রোহিত শর্মা। ভারত অধিনায়কের মতে, তিনি এখনও নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ দেখেননি। সেই কারণে প্রথম একাদশ নিয়ে কিছু বলতে পারছেন না।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রোহিতকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের বিরুদ্ধে তিন স্পিনার কি খেলানো হবে? জবাবে রোহিত বলেন, ‘‘আমি জানি না। এখনও পিচ দেখিনি। তাই কাদের খেলানো হবে তা ঠিক হয়নি। পিচ দেখে তার পর প্রথম একাদশ ঠিক করব। দিল্লি ও চেন্নাইয়ে খুব একটা শিশির পড়েনি। আহমেদাবাদে কতটা শিশির পড়ছে জানি না। যদি শিশির পড়ে তা হলে সেটা দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’’
১ লক্ষ ৩২ হাজার দর্শকের স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার সময় কি চাপে থাকবে ভারত? রোহিত তেমনটা মনে করেন না। উল্টে তিনি বলেন, ‘‘ঘরের সমর্থকেরা সব সময় আমাদের পাশে থাকে। আমাদের ভাল খেলার শক্তি জোগায়। তাই ঘরের মাঠে খেলার সুবিধা অনেক বেশি। যখন ১ লক্ষ দর্শক আপনার হয়ে চিৎকার করবে তখন জেতার তাগিদ আরও বাড়বে।’’
কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৩/সকাল ১১:৪৪