আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশে গতকাল রবিবার বৌদ্ধ ভিক্ষু ছদ্মবেশে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাঁরা অভিবাসন সংক্রান্ত অভিযান এড়াতে বৌদ্ধভিক্ষুর ছদ্মবেশ ধরেছিলেন।
থাইল্যান্ডের গণমাধ্যম দ্য থাইগার সোমবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বেনামি তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ অভিবাসন সক্রান্ত একটি যৌথ অভিযান চালায়, যেখানে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
থাই কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারকৃত সাত ব্যক্তির সবাই পুরুষ। তাঁরা অবৈধ উপায়ে মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে যেতে ও গ্রেপ্তার এড়াতে তারা মাথা কামানোসহ বৌদ্ধভিক্ষুর পোশাক পরিধান করেছিলেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রূপদা নামের ৪৬ বছর বয়সী একজন এই দলের নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন।
দ্য পাটায়া নিউজের বরাতে প্রতিবেদনে বলা হয়, অনুসন্ধানে কর্তৃপক্ষ জানতে পেরেছে, দলটি বাংলাদেশ থেকে ভ্রমণ শুরু করে মিয়ানমারের তাক প্রদেশের মায়ে সোট জেলার একটি অচিহ্নিত পথ দিয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছিল। তাদের চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া।
খবরে বলা হয়, সাত ব্যক্তির সঙ্গে সাধারণ পোশাক ছিল। তা ছাড়া তাঁরা যে বৌদ্ধভিক্ষু, তার সপক্ষে কোনো প্রমাণ তাঁদের কাছে ছিল না। এই বিষয় উদ্ঘাটনের পর তাঁদের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।
পরে কর্তৃপক্ষ সিদ্ধান্তে পৌঁছায় যে তাঁরা তাঁদের দাবি অনুযায়ী, বৌদ্ধভিক্ষু নয়। গ্রেপ্তার সাত ব্যক্তির বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে।