স্পোর্টস ডেস্ক : মানকাডিং আউটের সুবিধাটা দলীয় সিদ্ধান্ত। এটা নেওয়া হবে কি না তা বসে আলোচনা করে দলের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দিয়েছেন তামিম ইকবাল। একবার আউট করে আবার ব্যাটসম্যানকে ফিরিয়ে আনাটা ভালো দেখায় না বলেও মনে করেন এই টাইগার ব্যাটসম্যান।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মানকাড আউটের ঘটনা ঘটে। বল হওয়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া ইশ সোধিকে মানকাড করেন হাসান মাহমুদ। টিভি আম্পায়ারও তাকে আউট ঘোষণা করেন। কিন্তু ড্রেসিংরুমে ফেরার আগেই অধিনায়ক লিটন দাস তাকে ফিরিয়ে আনেন। তারপরই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়।
স্বাভাবিকভাবেই প্রসঙ্গটা আসে সংবাদ সম্মেলেনও। দলের প্রতিনিধি হয়ে আসা তামিম ইকবালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তাঁকে এভাবে ফিরিয়ে আনা উচিত হয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে তামিম সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এ আউট নিলে… আমার মনে হয়নি ওরও (সোধি) এমন করা উচিত হয়নি। ও যেভাবে বিস্মিত হয়েছে, তারও বিস্মিত হওয়া উচিত নয়। এটা আমরা নেব কি নেব না, এটা অধিনায়কের সিদ্ধান্ত। দুঃখিত, দলের সিদ্ধান্ত। নেব কি নেব না। তবে সে যেভাবে নিয়েছে, তাতে আমি অবাক হয়েছি। এটা ক্রিকেটেরই অংশ।’
এমন আউটের ক্ষেত্রে একটা কথা আসে—ব্যাটসম্যানকে সতর্ক করা। তবে সেটিকেও উড়িয়ে দিয়েছেন তামিম, ‘এখানে ওয়ার্নিংয়ের কিছু নেই। বোল্ড আউটের মতোই। হয়তো তখন অধিনায়ক ভেবেছে আমরা নেব না, এ কারণেই আমরা নেই নাই। এখানে ঠিক বা ভুল নেই। হয় আপনি করবেন, তাতেও ভুল নেই। যদি না করেন, তাতেও ভুল নেই। এটা দলের সিদ্ধান্ত। আমাদের এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, করব কি করব না। কারণ সামনে (এমন) আরও দেখা যাবে।’
এমন দ্বিপক্ষীয় সিরিজে ম্যাচের ওই পর্যায়ে না হয়ে অন্য কোনো আরও গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন আউট বাংলাদেশ করত কি না, সে ব্যাপারে তামিম বলেছেন, ‘হয়তোবা (নিতাম)। হয়তোবা না। আমি ভুল দেখি না। নিয়ম আছে এমন। এটা যদি কেউ আমরা নিই বা আমাদের বিপক্ষেও নেয়, আমার মনে হয় না এভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত। যেভাবে এখন লোকে দেখায়।’
তামিমের কথা শুনে মনে হবে, মানকাডিং না করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা নিজেদের মধ্যে আলোচনা হয়নি তাঁদের। এ ব্যাপারে এখন দলের মধ্যে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি, ‘এটা একটা দলীয় সিদ্ধান্ত। আজকের ঘটনার পর আমরা এটা নিয়ে আলোচনা করব। আমাদের যদি দলীয় সিদ্ধান্ত হয়, আমরা এ ধরনের উইকেট নেব তাহলে নেব, নইলে নেব না। কারণ এটা ভালো দেখায় না, একবার আউট করার পর আবার ফিরিয়ে নিয়ে আসা।’
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:০০