স্পোর্টস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে ভয়ঙ্কর বিষফোঁড়া। এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে।
শনিবার সকালে রাজধানীর বনানীতে বঙ্গবন্ধুর বড় ছেলে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবাষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি একটা কথা বলতে চাই, কোনো প্রকার রাখঢাক না করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভয়ঙ্কর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি। বিএনপির মতো এই বিষফোঁড়া যতদিন আছে, ততদিন এখানে হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাসসহ যত রকম অশান্তি ও অস্থিরতা থাকবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে দিয়েছে। ফখরুলের উদ্দেশে আমি বলতে চাই, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।’
এর আগে ধানমন্ডিতে আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের সিনিয়র নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন।
কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:২৬