আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের তিনটি রাজ্যে মাদক চক্রকে লক্ষ্য করে পুলিশের অভিযানে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। আজ বুধবার (০২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ ব্রাজিলের সমুদ্রবর্তী রাজ্য রিও ডি জেনিরোতে পুলিশের সর্বশেষ অভিযানে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ সময় মাদক চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পাল্টা গুলি চালায় পুলিশ।
এর আগে সাও পাওলো রাজ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৪ সন্দেহভাজন মারা যায়। অপরদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়ায় কর্মকর্তাদের বরাতে গত শুক্রবার থেকে ১৯ জন সন্দেহভাজনকে হত্যার তথ্য দিয়েছে বিবিসি।
সাও পাওলো রাজ্যে অভিযানের সময় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি শুরু হয়েছিল উপকূলীয় শহর গুয়ারুজাতে বিশেষ বাহিনীর একজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ ৩৮৫ কেজি মাদকদ্রব্যের পাশাপাশি বন্দুক জব্দ করেছে।
ব্রাজিলের আইনমন্ত্রী ফ্লাভিও ডিনো এ অভিযানের কড়া সমালোচনা করেছিলেন। তার ভাষ্যমতে, পুলিশের প্রতিক্রিয়া সংঘটিত অপরাধের সমানুপাতিক নয়।
কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫১