স্পোর্টস ডেস্ক : রোববার (২৩ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তানের ‘এ’ দল। প্রথম ইনিংস শেষে ভারতকে ৩৫৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুব এবং শিহাবজাদা ফারহানের ব্যাটে দারুণ শুরু পায় পাকিস্তান। ওপেনিং জুটিতে ১০৪ বলে ১২১ রান করেন এই দুই ব্যাটার। ৫৯ রান করে সাইম সাজঘরের পথ ধরলে ফরহান ফেরেন ২৫ রানের ব্যবধানে।
ওমাইর ইউসুফ ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ৩৫ রানে আউট হয়েছেন রায়ান পরাগের বলে। দ্রুত সময়ের ব্যবধানে কাসিম আকরাম এবং মোহাম্মদ হ্যারিস ফিরলে ২০০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।
ষষ্ঠ উইকেটে হাল ধরেন মুবাশ্বির খান এবং তায়েব তাহির। ১২৬ রানের জুটিতে বেশিরভাগ অবদান অবশ্য তাহিরের। ৭১ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে ডানহাতি এই ব্যাটার আউট হন দলীয় রান যখন ৩১৩। শেষদিকে মোহাম্মদ ওয়াসিম এবং মেহরান মুমতাজের ক্যামিও ইনিংসে ৩৫২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।
ভারতের হয়ে দুটো করে উইকেট নিয়েছেন রায়ান পরাগ এবং রাজবর্ধন হাঙ্গারগেকার। একটি করে উইকেট গেছে হারশিত রানা, মানাভ সুতার এবং নিশান্ত সিন্ধুর ঝুলিতে।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৪০