স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তাপ। তবে মাঠে ব্যাট-বলে দুই দলের খেলোয়াড়দের ঝাঁজালো প্রতিদ্বন্দ্বিতার বাইরে বন্ধুত্বের নানা গল্পও শোনা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই গল্প গুনিয়েছেন ভারতের বিরেন্দ্রর শেবাগ।
সাবেক ভারতীয় ব্যাটার বলছেন, বাউন্ডারি লাইন থেকে ফিল্ডার সরিয়ে একবার তাকে ছক্কা মারার সুযোগ করে দিয়েছিলেন ইনজামাম। সেটা আবার তাই অনুরোধে! ঘটনা ২০০৫ সালে পাকিস্তান দলের ভারত সফরের। বেঙ্গালুরুতে টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। শেবাগ চেনা আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন। পাকিস্তানের স্পিনার দানিশ কানেরিয়া নিয়মিত শেবাগের পায়ের কাছে বল ফেলে যাচ্ছিলেন। ইনজামাম তখন লং অনে একজন ফিল্ডার রেখেছিলেন শেবাগের বড় শট খেলা আটকাতে। সেই পরিকল্পনায় সফলও হন তিনি।
সেঞ্চুরি পূরণের পর তাই চালিয়ে খেলতে পারছিলেন শেবাগ। সেই সময় তিনি নাকি পাকিস্তান অধিনায়ককে ফিল্ডিং পরিবর্তন করার অনুরোধ করেছিলেন। ইনজামামও সে অনুরোধ মেনে নেন। শেবাগ বলেন, ‘ইনজামাম স্লিপে ফিল্ডিং করছিল। ওকে বললাম, ইনজি ভাই ছয় মারতে খুব ইচ্ছা করছে। লং অনের ফিল্ডারকে একটু এগিয়ে দাঁড়াতে বলবে? একটা বলের জন্য অন্তত ফিল্ডারকে এগিয়ে আন। ছয় মারতে না পারলে আবার বাউন্ডারি লাইনে পাঠিয়ে দিও।’
কী হয়েছিল তার পর? শেবাগ বলেছেন, ‘কানেরিয়াকে না জানিয়েই ইনজি ভাই লং অনের ফিল্ডারকে এগিয়ে এসে মিড অনে দাঁড়াতে বলেছিল। বাউন্ডারি লাইনের বাকি ফিল্ডাররা আগের মতোই ছিল। কানেরিয়া একই জায়গায় গুগলি দিয়েছিল সেই বলটায়। ভাগ্য আমার সঙ্গ দিয়েছিল। আমি লং অন দিয়ে ছয় মেরে দিয়েছিলাম। কানেরিয়া পিছনে তাকিয়ে লং অনে ফিল্ডার না দেখে ইনজি ভাইয়ের উপর খুব রেগে গিয়েছিল।’২০০৫ সালের সেই টেস্টের প্রথম ইনিংসে ২০১ রানের ইনিংস খেলেছিলেন শেবাগ। ম্যাচটি অবশ্য ভারত হেরে যায় ১৬৮ রানে।
কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৫:১৫