স্পোর্টস ডেস্ক : নেতৃত্বটা লিটন দাস উপভোগই করবেন। কারণ অধিনায়কের আর্মব্যান্ড পরলেই যে জেতেন তিনি। টি-টোয়েন্টি বাদ দিলে বাকি দুই ফরম্যাটেই তার নেতৃত্বের শুরুটা জয় দিয়ে। ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট আফগানিস্তানকে হারিয়েছে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ।
নিয়মিত অধিনায়কদের চোট সুযোগ করে দেয় লিটনকে। তাতে এই ব্যাটারের আপত্তি নেই। নেতৃত্ব দিয়েছেন এবং সফলও হয়েছেন। তাই সংবাদ সম্মেলনে জানালেন অধিনায়ক হওয়াটা বেশ উপভোগ করেন।
দায়িত্বটা লিটনের কাছে উপভোগের কারণ অবশ্য সতীর্থরা। পেসারদের দাপট তার কাজ সহজ করে দিয়েছে জানিয়ে বলেন, ‘নেতৃত্ব অবশ্যই অনেক উপভোগ করেছি। কারণ বোলাররা যে সমর্থন দিয়েছে… উইকেটের পেছন থেকে যখন দেখবো বোলাররা বাউন্স দিচ্ছে, স্লিপে ক্যাচ তুলছে এটা অধিনায়ক হিসেবে দেখতেও মজা আর উইকেটকিপার হিসেবেও। এই ম্যাচে অধিনায়ক ছিলাম এটা আসলেই ভাল লেগেছে যে আমি যে কোনো সময়েই উইকেট পেতে পারছি।’
এছাড়া ব্যাটাসম্যানরাও তার ভালো লাগার মাত্রা বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর প্রথম ইনিংসের সেঞ্চুরিতে লিটন অধিনায়ক হিসেবে জয়ের সুবাস পাচ্ছিলেন, ‘যখন প্রথম ইনিংসে শান্ত বড় ইনিংসটা এনে দিল এবং ওদেরকে কম রানে আমরা আটকে দিলাম, ব্যাবধানটা তখনই তৈরি হয়েছে যে আমরা কোন পথে যেতে পারি। তারওপর দ্বিতীয় ইনিংসে আমরা আরও ভাল করলাম। ব্যাটসম্যানরা বেশ ক্যারেক্টার শো করেছে। তাই অবদান ও কৃতিত্ব পুরো দলকেই দিব।
কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/দুপুর ২:৪২