স্পোর্টস ডেস্ক : ইউরোপে এখন চলছে গ্রীষ্মকালিন দল-বদল। এবার দল-বদলে সবচেয়ে বেশি আগ্রহ ছিল বোধহয় লিওনেল মেসিকে নিয়ে। আর্জেন্টাইন এরই মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি ইউরোপ নয় পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। বেনজেমাও রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছেন সৌদির ক্লাব আল ইত্তিহাদে।
মেসি-রোনালদো-বেনজেমা ইউরোপে না থাকলেও দল-বদলে হচ্ছে অনেক কিছুই। আরেক আর্জেন্টাইন ম্যাক অ্যালিস্টারকে এরই মধ্যে দলে ভিড়িয়েছে লিভারপুল। জুড বেলিংহামকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এমনিভাবে চাহিদা মাফিক খেলোয়াড় দলে পেতে চাইছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। তারই কিছু তুলে ধরা হলো দেশ রূপান্তরের পাঠকদের জন্য।
ফাতিকে বিক্রি করবে বার্সা, তবে…
আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে বেশ কিছু খেলোয়াড় বিক্রি করবে বার্সেলোনা। এই তালিকায় আছেন যুব অ্যাকাডেমি থেকে উঠে আসাআনসু ফাতিও। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, ফেরত পাওয়ার শর্ত রেখে তাকে বিক্রি করবে কাতালান ক্লাবটি।
ফের রাফিনহাকে পাওয়ার দৌড়ে নিউক্যাসল
লিডস ইউনাইটেড থেকে ২০২২’র জুলাইয়ে বার্সেলোনা এনেছিল রাফিনহাকে। এবার তাকে বিক্রি করে দিতে চাইছে। তার প্রতি আগে থেকেই আগ্রহ আছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের। দিয়ারিও স্পোর্তের খবর অনুযায়ী, এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে পেতে ফের চেষ্টা চালাচ্ছে নিউক্যাসল। তার জন্য ৮০ মিলিয়ন ইউরো চায় বার্সেলোনা।
বার্নার্দো সিলভাকে চায় পিএসজি
গেল মৌসুমে লিগ ছাড়া কিছুই জেতেনি পিএসজি। লিওনেল মেসিও ক্লাব ছেড়েছেন। তাই প্যারিসের দলটি দলে আনতে যাচ্ছে বেশ কিছু পরিবর্তন। তারই অংশ হিসেবে তাদের টার্গেট অ্যাটাকিং মিডফিল্ডার বার্নার্দো সিলভা। এমনটি জানিয়েছেন, ফ্যাব্রিজিও রোমানো। পিএসজি ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে সেই মোনাকো থেকে দারুণ জানাশোনা সিলভার।
গুনদোয়ানের হাতে অনেক বিকল্প
ম্যানসিটির ট্রেবল জয়ের নেতা ইকাই গুনদোয়ান। তিনি কি সিটিতেই থাকবেন নাকি অন্য কোথাও যাবেন। জার্মান এই ফুটবলারের হাতে নাকি আছে বেশ কিছু বিকল্প। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, সিটি তাকে ১ বছরের জন্য নতুন চুক্তি করতে চায়। বার্সেলোনা প্রস্তাব দিয়েছে তিন বছরের। তাকে পেতে চায় পিএসজিও। আর সৌদি আরবের কোন একটি ক্লাব গেল জানুয়ারি থেকে গুনদোয়ানকে চাইছে।
সাঞ্চোর জন্য ৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব
ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড জেডন সাঞ্চোকে চায় টটেনহাম হটস্পার। বৃটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলিস্টারের খবর, সাঞ্চোকে পেতে ৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে ক্লাবটি। তবে ম্যানউই নাকি আরও ১০ মিলিয়ন পাউন্ড বেশি চাইছে।
মাগুয়েইরকে বিক্রি করবে ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুয়েইরকে ধারে পেতে আগ্রহী নিউক্যাসল ইউনাইটেড। তবে বৃটিশ সংবাদমাধ্যম দ্য সানের খবর, তাকে ধারে নয়, একেবারে বিক্রিই করে দিতে চায় ম্যানইউ।
মাউন্টের জন্য লাগবে ৮০ মিলিয়ন
চেলসির ইংলিশ মিডফিল্ডার মেসন মাউন্টকে পেতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসি নাকি তার জন্য চাইছে ৮০ মিলিয়ন ইউরো।
কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:১৯