আন্তর্জাতিক ডেস্ক : সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের সঙ্গে কুকি জনগোষ্ঠীর সংঘাতে পুরো মণিপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চলমান এ সহিংসতায়, আগুনে পোড়ানো হয়েছে বহু যানবাহন। ধ্বংস করা হয়েছে ঘরবাড়ি। বাস্তুচ্যুত হয়েছেন মণিপুর রাজ্যের কয়েক হাজার নাগরিক। এসব বাস্তুচ্যুত নাগরিকদের উদ্ধার করে সেনা ক্যাম্পে আশ্রয় দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
সোমবার (৮ মে) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, মণিপুর রাজ্যের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্যের নাগরিকদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে, মনিপুর থেকে অন্য রাজ্যের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে, সংবাদমাধ্যম বিবিসি। তাদের উদ্ধারে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে মহারাষ্ট্র এবং অন্ধ্র প্রদেশ সরকার।
মণিপুর রাজ্যের প্রায় ৫৩ শতাংশ নাগরিক মেইতেই জনগোষ্ঠীর। এরপরও তাদের ‘তফসিলি আদিবাসী’র স্বীকৃতি দিতে রায় দেয় আদালত। এ স্বীকৃতির কারণে, পাহাড়ি জমি লাভ, চিকিৎসা এবং শিক্ষা ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন মেইতেই জনগোষ্ঠীর সদস্যরা। বরাবরই মেইতেইদের ‘তফসিলি আদিবাসী’র স্বীকৃতি প্রদানের বিরোধিতা করে আসছে রাজ্যের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ কুকি সম্প্রদায়। আর এ নিয়েই, সংঘাতের সূত্রপাত।
কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৩,/বিকাল ৫:২৮