তথ্যপ্রযুক্তি ডেস্ক : মহাকাশযানে বসে তরতাজা সবজির স্বাদ নেওয়াটা এখন আর কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়। মহাকাশ স্টেশনে বসেই তাজা শাকসবজি চাষ ও রান্না করেছেন মহাকাশচারী অনিল মেনন।
সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে চমৎকার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যায়, সহকর্মী জেসিকা মেয়ারের সঙ্গে মিলে তিনি স্পেস স্টেশনে ফলানো ‘কেল’ ও ‘ওয়াসাবি মাস্টার্ড’ জাতের সতেজ শাকসবজি তুলছেন। এরপর সেগুলো দিয়ে তৈরি করেন সুস্বাদু খাবার। মেনন একে খামার থেকে সরাসরি টেবিলে আসা খাবার হিসেবে উল্লেখ করে জানান, মহাকাশে এটিই হয়তো তাদের রান্না করা সেরা খাবার।
নাসার মহাকাশে খাদ্য উৎপাদনের গবেষণার অংশ হিসেবে প্রায় এক মাস ধরে এই সবজিগুলো চাষ করা হয়। বিজ্ঞানীরা দেখছেন, মাধ্যাকর্ষণহীন পরিবেশে গাছপালা কীভাবে বেড়ে ওঠে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে চাঁদ বা মঙ্গলের মতো দীর্ঘমেয়াদি অভিযানে এই পদ্ধতি দারুণ কাজে আসবে। এর ফলে পৃথিবী থেকে খাবার নেওয়ার নির্ভরতা যেমন কমবে, তেমনি তা মহাকাশচারীদের পুষ্টি ও মানসিক প্রশান্তি জোগাবে। মেনন মজা করে বলেন, এটি দেখলে ‘দ্য মার্শিয়ান’ সিনেমার নায়ক মার্ক ওয়াটনিও বেশ গর্ববোধ করতেন!
কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২৬,/রাত ৯:২১