নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বসেই ফেসবুকের বিভিন্ন পেজে অনলাইন অর্ডার করলেই হোম ডেলিভারিতে পাওয়া যাচ্ছে চাইনিজ কুড়াল, ছুরি চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র। বিক্রেতার অবস্থান দেশের যে প্রান্তেই হোক, সামাজিক যোগাযোগমাধ্যমে অর্ডার দিয়ে নরসিংদীর ঠিকানায় এসব অস্ত্র পৌঁছে নেওয়া সম্ভব হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এসব অস্ত্রের ছবি ও ভিডিও দিয়ে ক্রেতা আকৃষ্ট করা হচ্ছে।
অনলাইনে অর্ডার ও হোম ডেলিভারির এই সহজলভ্যতা অপরাধপ্রবণ ব্যক্তি ও বেপরোয়া কিশোর গ্যাংয়ের হাতে মরণঘাতী অস্ত্র পৌঁছানোর ঝুঁকি তৈরি করছে। প্রশ্ন উঠেছে, কারা এসব অস্ত্র বিক্রি করছে, কোথা থেকে সংগ্রহ করছে এবং ক্রেতার পরিচয় যাচাই ছাড়াই কীভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে? অনলাইনে অস্ত্রের এমন বেচাকেনা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কতটা কার্যকর, তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। অবৈধ অস্ত্রের অনলাইন বাণিজ্য বন্ধ এবং এসব অস্ত্রের সরবরাহকারী ও বিক্রেতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:০৫