স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন আর্লিং হলান্ডের। ম্যানচেষ্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার বুধবার রাতে এই রেকর্ড নিজের করে নেন। রেকর্ডের রাতটিকে ক্যারিয়ারের স্পেশাল রাত বলে অভিহিত করেছেন হলান্ড।
হলান্ডের রেকর্ডের রাতে সিটি ৩-০ গোলে হারায় ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে। ম্যাচের ৭০তম মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন হলান্ড। লিগে এই মৌসুমে যা তার ৩৫তম গোল। এতে ভেঙে যায় অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোলের ৩৪ গোলের রেকর্ড।
১৯৯৩-৯৪ মৌসুমে শিয়ারার ও ১৯৯৪-৯৫ মৌসুমে কোলে ৪২টি করে ম্যাচ খেলে ৩৪টি করে গোল করেছিলেন। হলান্ড এই রেকর্ড গড়েছেন ৩১তম ম্যাচে।
এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পর হলান্ডকে ‘গার্ড অব অনার’ দেয় সিটির খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট। শিয়ারার ও কোলের রেকর্ড ভাঙতে পেরে উচ্ছ্বসিত হলান্ডও। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এটা স্পেশাল এক রাত ও স্পেশাল মুহূর্ত। আমি সত্যিই দারুণ খুশি ও গর্বিত। জানি না, এ ছাড়া আর কি বলতে হবে।’
কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৪১