ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক, এমপি বলেছেন, “জুলাই-পরবর্তী বাংলাদেশে কোনো অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না।ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ঘুষ-দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারলে অফিসারের চাকরি টিকবে না।”
আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬)বিকেলে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল ক্যাম্পাস শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন এবং এ উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান এবং “তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন,”আজকে আপনাদের হাতে ডিজিটাল ডিভাইস আছে। যারা ঘুষ চায় এবং টাকা নেয়, ওই ঘুষখোরকে ধরার জন্য টাকা দেওয়ার ভান করে ভিডিও করেন, প্রমাণ রাখেন—ওর খবর আমরা বুঝব।কারণ সরকার দুর্নীতি-ঘুষের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে চায়।প্রশাসনকে জনবান্ধব করতে চায়। কাজেই প্রশাসন যেখানে জনগণের প্রতি দায়বদ্ধতা দেখাবে না, সেবা দিতে গড়িমসি করবে—তাদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন।
তিনি মবের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, “একটা বিষয় এইখানে আপনাদেরকে মনে রাখতে হবে।এইখানেরও তো একটা লিমিট আছে। দয়া করে মব কালচার টা করবেন না ।আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।আইন-শৃঙ্খলা বাহিনী আছে।দুর্নীতি-ঘুষখোর অফিসারদের বিচার করার জন্য ব্যবস্থা আছে।আমাদের একটা আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে হাঁটতে হবে।”
বিদেশে কর্মসংস্থানের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন জেলা, বিভাগীয় শহর ও উপজেলায় ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ভাষা শিক্ষা ও বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।”শিক্ষিত ও বেকার তরুণদের বিদেশে যাওয়ার আগে এসব প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভাষা ও কারিগরি প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান তিনি। এতে বিদেশে দক্ষ কর্মসংস্থান এবং ব্যাংক সহায়তা পাওয়ার সুযোগ বাড়বে বলেও জানান নুর।
কবি নজরুল কলেজের সাবেক শিক্ষার্থী ও গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেন,”ছাত্র অধিকার পরিষদ যখন ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে, তখন আমরা দেখেছি অনেকেই গুপ্ত ছিল, তাদের পরিচয় গোপন ছিল। কিন্তু ছাত্র অধিকার পরিষদ এই ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কখনো গুপ্ত হওয়ার চিন্তাভাবনা করে নাই, কখনো পরিচয় গোপন করার চিন্তা করে নাই। বরং পরিচয় ওপেন করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল।”
তিনি বলেন, আমরা গত দুই দিন আগে দেখেছি কুষ্টিয়াতে আমাদের গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামায়াত-শিবির কীভাবে হামলা করেছে। আমি অবাক হয়েছি, এই জামায়াত-শিবির হামলা করার পূর্বে নারায়ে তাকবির তাকবীর স্লোগান দিয়েছিল! আমার আশঙ্কা হয়, এই আওয়ামী লীগ যেমন একটি উগ্রবাদী সংগঠন, তেমনি জামায়াত-শিবিরও একটি উগ্রবাদী সংগঠন।
তিনি আরও বলেন, আপনারা যখন মজলুম ছিলেন, তখন আমরা আপনাদের পক্ষে কথা বলছি। আপনারা গণঅভ্যুত্থানের পরে ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে আপনারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা পেশিশক্তি প্রদর্শন করে ক্যাম্পাসে অস্থিরতা করতে চায়, ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়, গুপ্তগিরি করে ক্যাম্পাসে উত্তপ্ত পরিবেশ তৈরি করতে চায় ছাত্র অধিকার পরিষদ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদেরকে লাল কার্ড প্রদর্শন করবে। জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী যে রাজনীতি ছিল ঘন ঘন গেস্টরুমে নির্যাতন, সেই রাজনীতি আর ক্যাম্পাসগুলোতে আমরা ফিরে আসতে দেব না।”
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল ক্যাম্পাস শাখার সভাপতি নাহিদ হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখাটির সাধারণ সম্পাদক সাদেক বাপ্পি।আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হননি । তবে বিশেষ অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন । আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ । আলোচনা সভা শেষে অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে শহীদদের পরিবারবর্গ, আহত আন্দোলনকারী ও জুলাই যোদ্ধাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৪৪