বিনোদন ডেস্ক : সুস্মিতার হার্ট অ্যাটাকের খবরে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। সম্প্রতি সুস্মিতা সেন জানিয়েছিলেন, তিনি দ্রুত শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন। মঙ্গলবার সুখবর দিলেন অভিনেত্রী। জানালেন, সুস্থ হয়ে তিনি আবার শুটিং ফ্লোরে ফিরেছেন। দিন কয়েক আগেই জয়পুরে দেখা গিয়েছিল সুস্মিতাকে। ‘আরিয়া’ ওয়েব সিরিজের তৃতীয় সিজনের শুটিং শুরু করলেন তিনি।
নিজের প্রত্যাবর্তনের খবর জানাতে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক চমকপ্রদ ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে সাবেক বিশ্বসুন্দরী সিঁড়িতে বসে রয়েছেন। মাথা নিচু, হাতে তরবারি। এরই পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘আরও ভয়ংকর, আরও সাহসী। ও ফিরে এসেছে। আরিয়া ৩-এর শুটিং শুরু হলো।’
গত মাসে সুস্মিতা সেনের হার্ট অ্যাটাকের পর ‘আরিয়া’ সিরিজ়ের সিজন ৩-এর কাজ থমকে গিয়েছিল। জয়পুরে শুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্মিতা। ঘটনার দুদিন পর অর্থাৎ ২ মার্চ সুস্মিতা নিজেই প্রথম পোস্ট দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। জানান, অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়েছেন। বিশ্রামে থাকবেন কিছু দিন। আশঙ্কার কারণ নেই বলে আশ্বস্ত করেন অনুরাগীদের। যদিও ৯৫ শতাংশ ব্লকেজ পাওয়া গিয়েছিল অভিনেত্রীর হৃদ্যন্ত্রে, যা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন সহকর্মীরা। ‘আরিয়া’ ছাড়াও সুস্মিতা ওয়েব সিরিজ ‘তালি’র ডাবিং শেষ করেছেন। এই সিরিজে রূপান্তরকামী সমাজকর্মী গৌরী সবন্তের চরিত্রে অভিনয় করেছন সুস্মিতা।
সূত্র: আনন্দবাজার
কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২১