আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রামাল্লার পশ্চিমে নিলিন শহরে অভিযান চালিয়ে বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, নাবলুসের দক্ষিণে বেইতা এলাকার জাবাল সালমান অঞ্চলেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব অভিযানের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহ থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান আরও জোরদার হয়েছে। একই সময়ে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাও বেড়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি বাসিন্দারা।
নাবলুসের কাছে একটি বন্দুকযুদ্ধের ঘটনায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পশ্চিম তীরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঘটনার পর থেকেই বিভিন্ন এলাকায় অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে, পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা ফিলিস্তিনিদের ওপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র তৎপরতা প্রতিরোধের লক্ষ্যেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৬,/দুপুর ১২:৫৫