ডেস্ক নিউজ : পরিবার থেকে দূরে থাকা এসব শিক্ষার্থীরা চাইলেও পরিবারের সদস্যদের সঙ্গে সেহরি কিংবা ইফতারের সুযোগ পান না। এ শূন্যতা অনেকটাই দূর করেছে শাবিপ্রবি ক্যাম্পাসের কোনো না কোনো ইফতার আয়োজন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পাস জীবনে একসঙ্গে ইফতার তাদের উৎফুল্ল করে তোলে। এতে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। ইফতারের সামগ্রীতে বেশিরভাগ শিক্ষার্থীই রাখেন-ছোলা, মুড়ি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, পাকোড়া, খেজুর, জিলাপি, শরবত ও ফল ইত্যাদি। এ ছাড়াও সিলেটি লোকাল আখনি ও খিচুড়িও ইফতারে খাওয়া হয়।
অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস জামান জানান, এই রমজান মাসে নিজের পরিবার-পরিজন ছেড়ে কয়েকশ কিলোমিটার দূরে এই শাবিপ্রবির ৩২০ একরের মাঝে থেকে আমরা যারা রোজা করছি, তাদের জন্য আসলেই এটা একটা বড় চ্যালেঞ্জ। প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে বলতে গেলে সেই প্রথম রোজা থেকে মনে হয় না কখনো একা ইফতার করেছি। সিনিয়র-জুনিয়র, ব্যাচমেট এমনকি টিচার-স্টাফ সবাই আমরা প্রতিদিন মিলিত হই এই ইফতারকে উপলক্ষ করে।
লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আল-জান্নাতুল দীপ্তি বলেন, রমজান মাসে পরিবার থেকে দূরে থাকাটা সবার জন্যই বেশ আক্ষেপের। এমন সময় বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র, বন্ধু-বান্ধব সবাই মিলে ইফতার করতে পারাটা আনন্দের। ডিপার্টমেন্ট থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল এমনকি ক্যাম্পাসের মুক্ত মঞ্চে, ক্যাফেটেরিয়ায় বন্ধুরা পেপার বিছিয়ে বসে একসঙ্গে ইফতার ভাতৃত্ব বন্ধন সুদৃঢ় করছে।
কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২২