শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

বসুন্ধরা কিংসের রোমাঞ্চকর জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। তবে এবার শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ছোটাতে হয়েছে অস্কার ব্রুজোনের দলকে। রবিবার ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় ৩-২ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। এই নিয়ে লিগের দ্বিতীয় পর্বে টানা ষষ্ঠ ম্যাচে জয়ের দেখা দেখা পেল দলটি

আক্রমণ-পাল্টা আক্রমণে জমজামাট লড়াইয়ের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কিংস। পঞ্চম মিনিটে বক্সের একদম সামনে ট্যাকলের শিকার হন মিগেল ফেরেইরা। রেফারি ফ্রি-কিকের বাঁশি বাজালে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই। কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে যায়। মিনিট সাতেক পর মিগুয়েলের আরও এক শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

বিশতম মিনিটে বড় সুযোগ আসে কিংসের সামনে। বিপলুর সঙ্গে বল দেয়া-নেয়া করে বক্সে ঢুকে পড়েন রবসন রবিনহো কিন্তু এই ব্রাজিলিয়ান শট নেওয়ার আগেই দারুণ দক্ষতায় তাকে থামিয়ে দেন শেখ রাসেলের ডিফেন্ডার নাসিরুদ্দিন চৌধুরী। মিনিট দুয়েক বাদে মাঝ মাঠ থেকে সতীর্থের থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়েন নুহা মারং। বক্সের অন্য প্রান্তে ফাঁকায় ছিলেন মিগেল ও রবিনহোকে বল না দিয়ে এই গাম্বিয়ান নিজে পোস্টে শট নিলে আটকে দেন শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল রানা।

স্রোতের বিপরীতে প্রতি আক্রমণে উঠে পেনাল্টি আদায় করে নেয় শেখ রাসেল। বক্সের মধ্যে রিচার্ড গাডজেকে ফেলে দেন বিশ্বনাথ ঘোষ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে শেখ রাসেলকে এগিয়ে নেন কিরগিজস্তানের মিডফিল্ডার আইজার আকমাতোভ। চলতি লিগে এটি তার ষষ্ঠ গোল।

গোল হজম করে অবশ্য সমতায় ফেরার জন্য খুব বেশি সময় লাগেনি কিংস। ৩৮তম মিনিটে কিংসকে ম্যাচে ফেরানো গোলটি করেন মিগেল। রবিনহোর বাড়ানো পাসে বক্সের উপর থেকে বাম পায়ের মাপা শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা।  

৪৪তম মিনিটে শেখ রাসেলের এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন মোহাম্মদ জুয়েল। টাচলাইনের উপর থেকে নাইজেরিয়ান ইসমাহিল আকিনাদের কাটব্যাক গোলমুখ থেকে পোস্টের উপর দিয়ে মারেন এই ফরোয়ার্ড। ৫১তম মিনিটে নুহা মারংয়ের থ্রু পাস রাসেলের তিন ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন বিপলু। গোলকিপার আশরাফুল রানাকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি কিংসের এই মিডফিল্ডার। পোস্ট ছেড়ে খানিকটা সামনে এসে বিপলুর শট ঠেকিয়ে দেন রানা।

৬০তম মিনিটে দারুণ সুযোগ পায় কিংস। রাসেলের বক্সে ফাঁকায় বল পেয়েছিলেন বিপলু, গোলের উদ্দেশ্যে তাঁর নেওয়া শট প্রথমে দারুণ স্লাইডিংয়ে আটকান রহমত মিয়া। ফিরতি বল বিপলু ঠেলে দেন রবিনহোর দিকে। ছোট ডি বক্সের সামনে গোলকিপারকে একা পেয়েও এই ব্রাজিলিয়ান বল জালে পাঠাতে পারেননি।

অবশেষে ৬৫তম মিনিটে ডেডলক ভাঙেন খালেদ শাফিই।   মিগেলের ফ্রি-কিক নুহা মারং মাথা লাগালেও আশরাফুল রানা গায়ে লেগে ফিরলে বল পান খালেদ। ডান পায়ের শটে জালে পাঠান কিংসের এই ইরানি ডিফেন্ডার।  ৮৫ মিনিটে ব্যবধান বাড়ায় কিংস। মিগেলের বাড়ানো পাসে বক্সের কোনা থেকে রবিনহো দূরের পোস্টে জালে জড়ান। এরপর যোগ করার সময়ের শেষদিকে বদলি নামা মান্নাফ রাব্বির গোলে ব্যবধান কমায় রাসেল। ১৭ ম্যাচে ১৪ জয় ও ২ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে শেখ রাসেল। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের চেয়ে কিংসের পয়েন্ট ব্যবধান এখন ৯।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit