আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার (১৩ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে বহুতল ভবনটিতে আগুন লাগে। বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আটকে পড়েন বাসিন্দরা। প্রথমে ভবনের একতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ভবনটির দুটি তলায় আগুন ছড়িয়ে পড়ায় উপরের তলার মানুষজন আটকে পড়েন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালায় দমকল বাহিনী।
ঘটনার পর দমকলের ২৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে।
দিল্লি পুলিশ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্যিক ভবনটিতে বেশ কয়েকটি সংস্থার অফিস ছিল। প্রথম তলার সিসিটিভি ক্যামেরা ও রাউটার প্রস্তুতকারী সংস্থার অফিস থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানার চেষ্টা চলছে।
সূত্র: আনন্দবাজার
কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫১