
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমি দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হাশিম আমলাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। হাশিম আমলা টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৪৯ ম্যাচে অংশ নিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫টি সেঞ্চুরির সাহায্যে তৃতীয় সর্বোচ্চ ১৮ হাজার ৬৭২ রান করেন।
২০০৪ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২৮ জুন পর্যন্ত জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেন এই মুসলিম তারকা। ২০১৯ সালের আগস্টে ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় নেন তিনি। ক্রিকেট থেকে অবসের যাওয়ার পর এই প্রথম কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন হাশিম আমলা। আজ থেকে করাচিতে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির কোচিং প্যানেলে দেখা যাবে প্রোটিয়া এই কিংবদন্তিকে।
পেশোয়ার জালমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামির। কিন্তু স্যামি ভারতে লিজেন্ডস টুর্নামেন্ট খেলায় ব্যস্ত থাকায় পেশোয়ারের প্রধান কোচের দায়িত্ব পালন করতে পারছেন না। যে কারণে ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার জেমস ফস্টারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পেশোয়ার জালমি।
কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|রাত ৮:৪৩