ডেস্ক নিউজ : তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬২ রকমের ফল দিয়ে ফল উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় ক্রীড়াসামগ্রী। তবে উৎসবে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে ফল সংগ্রহ করতে গিয়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আয়োজক নেতাকর্মীদের।
রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন, শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে রাকিবুল ইসলাম রাকিব বলেন,শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আমরা আর ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না।
জবি ছাত্রদলের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাদের ভূমিকা প্রশংসনীয়। শিক্ষার্থীদের পাশে থাকার এ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাস দেখে ভালো লাগছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের অভিভাবক। তার জন্মদিনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী কিছু করার চিন্তা থেকেই আমাদের এ আয়োজন। ৬২ রকমের ফল দিয়ে উৎসবের পাশাপাশি ক্রীড়াসামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চেয়েছি। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আয়োজন হোক শিক্ষার্থীকেন্দ্রিক, যেখানে দল-মতনির্বিশেষে সবাই অংশ নিতে পারবে।
জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, এ ফল উৎসবের আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। আশাকরি আগামীতেও এ ধরনের কর্মসূচি ছাত্রদল অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আউয়াল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৬,/রাত ১১:৫৯