ডেস্ক নিউজ : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ৭ জানুয়ারি। আর অনলাইনে ফি প্রদানের শেষ তারিখ ৮ জানুয়ারি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১ ফেব্রুয়ারি। এবার মোট আসন রয়েছে ১ হাজার ৩০৯টি।
বাংলা মিডিয়াম শিক্ষার্থীদের জন্য
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হিসেবে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে (গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ) গ্রেড পদ্ধতিতে জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এছাড়া উচ্চ মাধ্যমিক, আলিম বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ পেতে হবে। একই সঙ্গে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন- এই তিনটি বিষয়ে পৃথকভাবে জিপি ৫.০০ থাকতে হবে। বিদেশি শিক্ষা বোর্ডের অধীনে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরও সমতুল্য গ্রেড বা নম্বর থাকতে হবে।
যেসব প্রার্থী ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের এবং ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু উচ্চমাধ্যমিকের সংশোধিত ফল ২ ডিসেম্বর ২০২৫ তারিখের পরে পেয়েছেন, তাদের ক্ষেত্রেও একই যোগ্যতা প্রযোজ্য হবে।
সঠিকভাবে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে বাছাই করে প্রথম ১০ হাজার আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন- এই তিন বিষয়ে প্রাপ্ত মোট নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে।
তবে ১০ হাজারতম আবেদনকারীর সঙ্গে অন্য কোনো আবেদনকারীর তিন বিষয়ে প্রাপ্ত মোট নম্বর সমান হলে ওই নম্বর পাওয়া সবাইকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য
জিসিই ‘ও’ লেভেল বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
অন্যদিকে, জিসিই ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিনটি বিষয়ের মধ্যে যেকোনো দুটিতে ন্যূনতম ‘এ’ গ্রেড এবং একটিতে ন্যূনতম ‘বি’ গ্রেড পেতে হবে।
ন্যূনতম যোগ্যতা পূরণকারী ইংরেজি মাধ্যমের সঠিক আবেদনকারীদের মধ্য থেকে নির্ধারিত গ্রেডের ভিত্তিতে প্রথম ৩০০ জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে প্রাপ্ত গ্রেডকে অগ্রাধিকার দেওয়া হবে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের জন্য
ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত সব সঠিক আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪০